
বরগুনার পাথরঘাটাসহ উপকূলে জেলেদের মুক্তিপণের দাবিতে অপহরণ ও সাগরে ভারতীয় মাছ ধরার ট্রলারের অনুপ্রবেশের প্রতিবাদে মাছ বিক্রি বন্ধ রেখে আধা বেলা ধর্মঘট করেছেন মৎস্য ব্যবসায়ীরা। বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে গতকাল সোমবার সকাল ছয়টা থেকে এ ধর্মঘট পালন করা হয়।
ধর্মঘট শেষে ব্যানার-ফেস্টুন নিয়ে বিক্ষোভ মিছিল করে শেখ রাসেল স্কয়ারে মানববন্ধনে অংশ নেন ব্যবসায়ীরা। জেলে, ট্রলারমালিক, শ্রমিক ও পাইকারসহ মৎস্য ব্যবসাসংশ্লিষ্ট আটটি সংগঠনের কয়েক হাজার মানুষ কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করেন।
বরগুনা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন পাথরঘাটা বিএফডিসি আড়তদার সমিতির ভারপ্রাপ্ত সভাপতি জাহাঙ্গীর আলম, জেলা ট্রলার শ্রমিক ইউনিয়নের সভাপতি আবদুল মান্নান মাঝি, পাথরঘাটা বিএফডিসি মৎস্য বাজার ঘাট শ্রমিক ইউনিয়নের সভাপতি মোস্তাফিজুর রহমান, উপজেলা মৎস্যজীবী লীগের সভাপতি আকন মোহাম্মদ সহিদ, আড়তদার মোশারেফ হোসেন প্রমুখ।
গোলাম মোস্তফা চৌধুরী বলেন, অপহৃত জেলেদের মুক্তিপণ দিয়ে ফিরিয়ে আনতে আনতে ট্রলারমালিকদের ব্যবসা গুটিয়ে পথে বসার উপক্রম হয়েছে। এভাবে চলতে থাকলে এ পেশা বদলাতে হবে। তিনি আরও বলেন, শুধু গত রোববার এক দিনে মুক্তিপণ দিয়ে ৪৫ জেলেকে মুক্ত করা হয়েছে। মুক্তিপণ হিসেবে জনপ্রতি এক থেকে দেড় লাখ টাকা দিয়ে ওই জেলেরা মুক্তি পান।
আবদুল মান্নান মাঝি বলেন, আগামী এক সপ্তাহের মধ্যে ট্রলারসহ জলদস্যুদের হাতে বন্দী সব জেলেকে উদ্ধার এবং জলদস্যু নির্মূলে সাগরে নৌবাহিনীর ঘাঁটি ও টহল জোরদার করতে হবে।