পাথরঘাটায় রিটার্নিং কর্মকর্তাকে প্রত্যাহার
বরগুনার পাথরঘাটা উপজেলা শিক্ষা কর্মকর্তা জালাল আহম্মদকে চরদুয়ানী ইউনিয়ন পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে।
এ ঘটনার প্রতিবাদে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা গতকাল মঙ্গলবার সংবাদ সম্মেলন ডেকে ইউপি নির্বাচনে সহকারী প্রিসাইডিং কর্মকর্তা ও পোলিং কর্মকর্তার দায়িত্ব পালনে বিরত থাকার হুমকি দিয়েছেন।
গত সোমবার নির্বাচন কমিশনের উপসচিব সামসুল আলম স্বাক্ষরিত এক জরুরি চিঠিতে জালাল আহম্মদকে ওই দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়। একই সঙ্গে উপজেলা পল্লী উন্নয়ন ও সমবায় কর্মকর্তাকে ইউনিয়নের রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব দেওয়া হয়। চিঠিতে বলা হয়, নির্বাচনী কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব থেকে উপজেলা শিক্ষা কর্মকর্তা জালাল আহম্মদকে প্রত্যাহার করা হলো।
গতকাল বেলা ১১টার দিকে উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নেতারা পাথরঘাটা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন। সম্মেলনে তাঁরা রিটার্নিং কর্মকর্তা মো. জালাল আহম্মদকে পুনর্বহাল করার দাবি জানান। এ সময় লিখিত বক্তব্য পড়েন প্রাথমিক শিক্ষক সমিতি পাথরঘাটা শাখার সভাপতি মো. ছগির হোসেন। বক্তব্য দেন সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন, আক্তারুজ্জামান, মো. শাহীন প্রমুখ।