পাথরঘাটায় শিশু ধর্ষণের চেষ্টা, একজন গ্রেপ্তার
তিন বছরের শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে বরগুনার পাথরঘাটা উপজেলার চরদুয়ানি বাজার থেকে বৃহস্পতিবার রাতে পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে। তার নাম গৌতম হাওলাদার। চরদুয়ানি পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক বেলাল হোসেন বলেন, ঘটনার দিন সন্ধ্যার দিকে বাজারের পার্শ্ববর্তী ওই শিশুকন্যার ঘরে সুযোগ বুঝে ঢুকে পড়ে গৌতম। এ সময় শিশুটির মা ঘরে ছিলেন না। এ সুযোগে গৌতম ওই ঘরে ঢুকে শিশুটিকে ধর্ষণের চেষ্টা চালায়। ঘর থেকে বের হওয়ার সময় ওই শিশুর মায়ের সঙ্গে গৌতমের দেখা হয়। এ সময় গৌতম তাঁর পা জাপটে ধরে ক্ষমা চায়। গৌতমের এ ক্ষমা চাওয়ার ঘটনায় শিশুর মা হতভম্ব হয়ে পড়েন। এ সময় দৌড়ে গিয়ে তিনি মেয়েকে উদ্ধার করেন। এর মধ্যে বাজারের লোকজন জড়ো হয়ে মারধরের চেষ্টা শুরু করলে চরদুয়ানি ফাঁড়ি পুলিশ গৌতমকে উদ্ধার করে এবং তাকে গ্রেপ্তার করে পাথরঘাটা থানায় নিয়ে আসে। পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজ্জ্বল কুমার দে বলেন, এ ঘটনায় শিশুর মা নারী ও শিশু নির্যাতন দমন আইনে বৃহস্পতিবার রাতে থানায় মামলা করেছেন। তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক বেলাল হোসেন শুক্রবার দুপুরে জানান, শিশুটিকে পরীক্ষার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে এবং শিশুধর্ষণের চেষ্টাকারী গৌতম হাওলাদারকে পাথরঘাটা বিচারিক হাকিম আদালতে হাজির করার প্রক্রিয়া চলছে।