পাথরঘাটায় সংঘর্ষে ৩০ জন আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার পাথরঘাটা উপজেলার চরদুয়ানি ইউনিয়নে গতকাল শুক্রবার দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে ৩০ জন আহত হয়েছে। এদের মধ্যে ১৮ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার রাতে বরগুনা সদরের কেওড়াবুনিয়া ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হানিফ মাতুব্বরের ছেলেকে কুপিয়ে গুরুতর জখম করেছে সন্ত্রাসীরা।প্রত্যক্ষদর্শীরা জানায়, গতকাল বেলা ১১টার দিকে পাথরঘাটা উপজেলার চরদুয়ানি ইউনিয়নের বাঁধঘাট এলাকায় চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের ২০-২৫ জন সমর্থক প্রচারণা চালাচ্ছিলেন। এ সময় আরেক চেয়ারম্যান প্রার্থী হাফিজ উদ্দীনের সমর্থকেরা সেখানে উপস্থিত হয়ে তাঁদের প্রচারে বাধা দেয়। এতে দুই পক্ষে প্রথমে ঝগড়া এবং পরে মারামারি শুরু হয়। খবর পেয়ে দুই পক্ষের আরও অনেক সমর্থক লাঠি, রামদা, ছেনা ও চল নিয়ে সেখানে তুমুল সংঘর্ষে লিপ্ত হয়। প্রায় দুই ঘণ্টাব্যাপী সংঘর্ষের সময় এলাকার মানুষ ঘরবাড়ি ছেড়ে আতঙ্কে পালাতে থাকে। পরে খবর পেয়ে পাথরঘাটা থানা ও চরদুয়ানি পুলিশ ফাঁড়ির পুলিশ ও র্যাব সদস্যরা ঘটনাস্থলে যান এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে পাথরঘাটার ইউএনও সোহরাব হোসেন ঘটনাস্থলে যান এবং দুই পক্ষের সঙ্গে কথা বলেন। সংঘর্ষে উভয়পক্ষের ৩০ জনের মতো আহত হন। আহত ব্যক্তিদের মধ্যে গুরুতর ১৮ জনকে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরুল হক বলেন, পরিস্থিতি শান্ত করার চেষ্টা চলছে।এর আগে বৃহস্পতিবার রাতে সদর উপজেলার কেওড়াবুনিয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হানিফ মাতুব্বরের ছেলে রুমীকে (২২) কুপিয়ে গুরুতর জখম করে সন্ত্রাসীরা। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে রাতেই বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বরগুনা থানার ওসি বাবুল আকতার জানান, এ ঘটনায় ১৩ জনকে আসামি করে হানিফ মাতুব্বর থানায় মামলা করেছেন।