পাথরঘাটায় সংরক্ষিত বনের ৪০ একর জমি দখল
বরগুনার পাথরঘাটা উপজেলার চরলাঠিমারা সংরক্ষিত বনের প্রায় ৪০ একর জমি দখল করে নিয়েছেন স্থানীয় গুচ্ছগ্রামের ৫৩টি পরিবারের সদস্যরা। গত বৃহস্পতিবার দিবাগত রাত থেকে তাঁরা দখল করা শুরু করেন। এরপর গত দুই দিনে তাঁরা ঘর তুলে পুরো জমি দখলে নিয়ে নেন। দখলদারদের দাবি, ২২ বছর আগে সরকার এসব জমি তাঁদের নামে স্থায়ী বন্দোবস্ত দিয়েছে। তবে বন বিভাগের দাবি, এ জমি সংরক্ষিত বনের আওতাভুক্ত।বন বিভাগের কর্মকর্তারা জানান, ১৯৮৬ সালে এক গেজেট বিজ্ঞপ্তির মাধ্যমে এ বনভূমিকে সংরক্ষিত বনাঞ্চল ঘোষণা করে সরকার। সংরক্ষিত এ বনটি পাথরঘাটা উপজেলার দক্ষিণে বঙ্গোপসাগরের তীরে অবস্থিত। বনের পাশেই গুচ্ছগ্রামে বসবাসকারী পরিবারের সদস্যরা গত এক বছর থেকে কৌশলে ৪০ একর জমির কেওড়া, গেওয়াসহ অন্যান্য প্রজাতির গাছ কেটে সাবাড় করে দখলের প্রস্তুতি নেন। গত বৃহস্পতিবার গভীর রাত থেকে গুচ্ছগ্রামে বসবাসকারী পরিবারের সদস্যরা পর্যায়ক্রমে বনের জমিতে ঘর তুলে দখলে নিতে থাকেন। দখলদারদের মধ্যে আক্রমণাত্মক মনোভাব থাকার কারণে বিশৃঙ্খলা এড়াতে বনরক্ষীরা তাঁদের বাধা না দিয়ে পিছু হটেন।দখলদারেরা দাবি করেন, ১৯৯১ সালে এ জমি তাঁদের নামে ৯৯ বছরের জন্য চিরস্থায়ী বন্দোবস্ত দেয় সরকার। ২২ বছর পর ওই জমিই তাঁরা দখলে নিয়েছেন।পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বাদল চন্দ্র হালদার বলেন, ৫৩টি ভূমিহীন পরিবারের মাঝে ৪০ একর জমি চিরস্থায়ী বন্দোবস্ত দেওয়া হয়েছে। কিন্তু চরলাঠিমারা বনভূমিটি সংরক্ষিত বন হিসেবে ঘোষণা করে গেজেট প্রকাশ হওয়ায় ওই ভূমিহীনদের কিছু জমি গেজেটের মধ্যে পড়ে যায়। ফলে এ সমস্যার সৃষ্টি হয়েছে। তিনি বলেন, আজ সোমবার বন বিভাগ ও ভূমি বিভাগ যৌথভাবে বনের সম্পত্তি পরিমাপ করে সীমানা নির্ধারণের মাধ্যমে বিষয়টি সমাধানের চেষ্টা করা হবে।