পাথরঘাটায় সবজি, আমন বীজতলার ব্যাপক ক্ষতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জোয়ারের পানি ও অতিবৃষ্টির কারণে বরগুনার পাথরঘাটা উপজেলার বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। এতে শাকসবজির খেত, আমনের বীজতলাসহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।
উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয় বলেছে, জলাবদ্ধতার কারণে পাথরঘাটার প্রায় ১৫০ হেক্টর শাকসবজির খেত (মোট আবাদের অর্ধেকের বেশি) ও ৪০০ হেক্টর আমনের বীজতলা (প্রায় এক-তৃতীয়াংশ) নষ্ট হয়ে গেছে। জানতে চাইলে উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা নাজমুল আলম প্রথম আলোকে বলেন, ক্ষয়ক্ষতি সরেজমিনে দেখে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন পাঠানো হয়েছে। এ ছাড়া ক্ষতিগ্রস্ত কৃষকদের যথাযথ পরামর্শ দেওয়া হচ্ছে। তবে এ অঞ্চলের ফসলি জমি ও কৃষকদের বাঁচাতে ভাঙা বেড়িবাঁধ পুনর্নির্মাণসহ দীর্ঘমেয়াদি ব্যবস্থা নেওয়া দরকার।
উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, পাথরঘাটা সদর ইউনিয়নের জিনতলা বেড়িবাঁধ ভেঙে গত এক মাসের বেশি সময় ধরে বিভিন্ন এলাকা প্লাবিত হয়। এর ওপর দেড় মাস ধরে অতিবৃষ্টির কারণে উপজেলার বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা ভয়াবহ রূপ নেয়। এতে ফসলের বিস্তর ক্ষতি হয়েছে। উপজেলায় এ মৌসুমে ২৫০ হেক্টর জমিতে শসা, করলা, লাউ, বরবটি, ঝিঙেসহ বিভিন্ন শাকসবজি আবাদ করা হয়েছিল। এর মধ্যে ১৫০ হেক্টরের সবজি নষ্ট হয়ে গেছে। আর মোট প্রায় ১ হাজার ৪৭০ হেক্টর জমির আমনের বীজতলার মধ্যে প্রায় ৪৫০ হেক্টর সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। ফলে কৃষকদের নতুন বীজতলা তৈরি অথবা ধানের চারা কিনতে হচ্ছে। এ ছাড়া উপজেলার প্রায় ২৮ হেক্টর জমির পানবরজের ১২ হেক্টর নষ্ট হয়ে গেছে। সব মিলিয়ে কয়েক হাজার চাষি ব্যাপক লোকসানে পড়েছেন।
পাথরঘাটা সদর ইউনিয়নের বাদুড়তলা গ্রামের খলিলুর রহমান বলেন, ‘আমি দেড় কুড়া (১০০ শতক) জমিতে শসা, মিষ্টিকুমড়া, ঝিঙে, বরবটিসহ বিভিন্ন সবজির আবাদ করেছিলাম। পানিতে তলিয়ে নষ্ট হওয়ার আগে মাত্র ১৫ হাজার টাকার সবজি বিক্রি করতে পেরেছি। গত বছর একই জমি থেকে দুই লাখ টাকা আয় হয়েছিল।’
এদিকে পানি কমতে শুরু করায় বিভিন্ন এলাকার চাষিরা নতুন করে চাষাবাদ শুরুর প্রস্তুতি নিচ্ছেন। তবে জিনতলা বেড়িবাঁধ ভেঙে যাওয়ায় পাশের চরলাঠিমারা গ্রামের ৩০ হেক্টর জমিতে এবার আর আমনের চাষ করা যাবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।
চরলাঠিমারা গ্রামের আবুল কালাম আজাদ বলেন, ‘ভাঙা বেড়িবাঁধ দিয়ে জোয়ারের পানি ঢুকে জমি তলিয়ে যায়। প্রায় প্রত্যেককেই দু-তিনবার বীজতলা তৈরি করতে হয়েছে। এবার আমনের চাষাবাদ এ গ্রামে হবে কি না তা জানি না।’
রায়হানপুর ইউনিয়নের মাদারতলী এলাকার দায়িত্বপ্রাপ্ত উপসহকারী কৃষি কর্মকর্তা অসীম চন্দ্র দাস বলেন, গোটা ইউনিয়নেই কৃষকেরা শাকসবজিসহ কৃষির ব্যাপক আবাদ করেন। জলাবদ্ধতার কারণে এ ইউনিয়নের কমবেশি প্রত্যেক কৃষকই ক্ষতিগ্রস্ত হয়েছেন। একই অবস্থা আশপাশের ইউনিয়নেও।
পাথরঘাটা উপজেলা কৃষি কর্মকর্তা শিশির কুমার বড়াল প্রথম আলোকে বলেন, বর্তমানে জলাবদ্ধতা কমতে শুরু করেছে। তবে কৃষকেরা যতটা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তা পুষিয়ে ওঠা কঠিন। তবে সময় উপযোগী শাকসবজি চাষে পরামর্শ দেওয়া হচ্ছে। পাশাপাশি নাবি জাতের বিআর ২২ বা বিআর ২৩ ধান চাষাবাদ করলে আগাম ফসল পাওয়া যাবে।