বরগুনার পাথরঘাটা পৌরসভা নির্বাচন সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য করতে অবিলম্বে সেনাবাহিনী মোতায়েনের দাবি জানানো হয়েছে। প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমর্থকদের হামলার শিকার হয়ে নিজ বাসভবনে গত সোমবার রাতে সংবাদ সম্মেলনে বিএনপির মেয়র প্রার্থী ও বর্তমান মেয়র মল্লিক মোহাম্মদ আইউব এ দাবি জানান।
এর আগে সন্ধ্যা পৌনে সাতটার দিকে মল্লিক মোহাম্মদ আইউব শহরের কাঁচাবাজার এলাকায় গণসংযোগে গেলে তাঁর সঙ্গে থাকা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক চৌধুরী মোহাম্মদ ফারুকসহ পাঁচজন নেতা-কর্মী ও সমর্থক হামলার শিকার হন। হামলার ঘটনায় মল্লিক মোহাম্মদ আইউব ১৩ জনের বিরুদ্ধে রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।
সংবাদ সম্মেলনে মল্লিক মোহাম্মদ আইউব বলেন, ‘সোমবার সন্ধ্যা পৌনে সাতটার দিকে শহরের কাঁচাবাজার (পূর্ব মাথায়) এলাকায় গণসংযোগে বাধা দিয়ে আমাদের নেতা-কর্মী ও সমর্থকদের ওপর হামলা চালায়। এতে অন্তত পাঁচজন নেতা-কর্মী ও সমর্থক হামলার শিকার হন।
অবিলম্বে পাথরঘাটায় সেনাবাহিনী মোতায়েনের দাবি করে মল্লিক মোহাম্মদ আইউব বলেন, ‘প্রচারণার প্রথম দিনেই নৌকা মার্কার সমর্থকেরা আমাদের বাধা দিয়ে আসছে। এভাবে প্রতিনিয়ত নির্বাচনে বাধা দেওয়ায় সুষ্ঠু ও অবাধ ভোটাধিকার প্রয়োগে শঙ্কা রয়েছে।’
অভিযোগ অস্বীকার করে আওয়ামী লীগের প্রার্থী মো. আনোয়ার হোসেন আকন বলেন, ‘প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে গণসংযোগে কে বাধা দিয়েছে, তা আমার জানা নেই।’