পাথরঘাটায় স্কুলছাত্রীকে ধর্ষণ, দুজন গ্রেপ্তার
বরগুনার পাথরঘাটা উপজেলার কালোমেঘা ইউনিয়নে গত বৃহস্পতিবার বিকেলে অষ্টম শ্রেণীর এক স্কুলছাত্রীকে (১৩) ধর্ষণ করা হয়েছে। ওই দিন রাত সাড়ে আটটার দিকে ওই কিশোরীকে অচেতন অবস্থায় পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।এ ঘটনায় মেয়েটির বাবা গতকাল শুক্রবার সকালে চারজনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে পাথরঘাটা থানায় মামলা করেছেন। মামলার আসামিরা হলো পাথরঘাটার কালীবাড়ি গ্রামের দুলাল হোসেন, মনির হোসেন, মো. জয়নাল ও তাঁর ছোট ভাই জাকির হোসেন। পুলিশ দুপুর একটার দিকে কালীবাড়ি গ্রাম থেকে আসামি দুলাল ও জাকিরকে গ্রেপ্তার করেছে।পুলিশ ও এলাকাবাসী জানান, বৃহস্পতিবার বিকেল চারটার দিকে ওই স্কুলছাত্রী ও তার ছোট বোনকে বাড়িতে রেখে তাদের মা-বাবা পাথরঘাটা সদরে যান। কিছুক্ষণ পর একই গ্রামের দুলাল ও জয়নাল ওই কিশোরীর বাড়িতে যায় এবং কিশোরীটির ছোট বোনকে টাকা দিয়ে বিস্কুট কিনতে দোকানে পাঠায়। পরে তারা দরজা আটকে মেয়েটিকে জোর করে ধর্ষণ করে পালিয়ে যায়। প্রায় আধঘণ্টা পর ছোট বোনটি এসে দেখতে পায়, তার বোন অচেতন অবস্থায় পড়ে আছে। সে কান্নাকাটি শুরু করলে প্রতিবেশীরা ছুটে আসে। প্রতিবেশীদের কাছ থেকে মুঠোফোনে খবর পেয়ে বাড়িতে ছুটে যান মেয়েটির মা-বাবা। রাত আটটার দিকে মেয়েটিকে পাথরঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।পাথরঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎ সা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম প্রথম আলোকে জানান, ধর্ষণের আলামত পাওয়া গেছে। রাতে হাসপাতালে আনার পর মেয়েটির শারীরিক অবস্থা খারাপ ছিল; চিকিৎ সা দেওয়ার পর অনেকটা উন্নতি হয়েছে।পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরুল হক জানান, অপর দুই আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।