পাথরঘাটায় হরিণের তিন মণ মাংস জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার পাথরঘাটার নিশানবাড়িয়া ঘাট থেকে গত শনিবার রাতে হরিণের প্রায় তিন মণ মাংস জব্দ করেছে কোস্টগার্ড। এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি তারা। তবে তারা পাচারকারীদের একটি ট্রলার জব্দ করতে সক্ষম হয়েছে।
কোস্টগার্ডের পাথরঘাটা স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট হাসানুর রহমান বলেন, গোপন সূত্রে তাঁরা জানতে পারেন, হরিণের মাংস পাচারকারী একটি চক্র উপজেলার বিষখালী নদীতে একটি ট্রলারে অবস্থান করছে। রাত সাড়ে ১১টার দিকে কোস্টগার্ডের একটি দল ওই নদীতে অভিযান চালায়। তারা ধাওয়া করে নদীর নিশানবাড়িয়া ঘাট এলাকায় ট্রলারটিকে আটকায়। তবে ট্রলারের আরোহীরা পালিয়ে যেতে সক্ষম হন। ওই ট্রলারে হরিণের ১২০ কেজি মাংস পাওয়া গেছে। এর মধ্যে হরিণের চারটি মাথা ও তিনটি চামড়াও রয়েছে। এগুলো স্থানীয় বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।
বন বিভাগের একটি দায়িত্বশীল সূত্র গতকাল প্রথম আলোকে বলেছে, পাথরঘাটার চরদুয়ানী ইউনিয়নের এক ব্যক্তি এই হরিণ শিকার চক্রের প্রধান। তাঁর নেতৃত্বে ১৫-২০টি হরিণ শিকার করা হয়। দুটি ট্রলারে করে সেই মাংস ও চামড়া সুন্দরবন থেকে লোকালয়ে আনা হচ্ছিল। তার একটি আটকানো সম্ভব হয়েছে।
বন বিভাগের পাথরঘাটা রেঞ্জ কর্মকর্তা শেখ সোলায়মান হাওলাদার গতকাল দুপুরে বলেন, আদালতের অনুমতি নিয়ে কেরোসিন দিয়ে হরিণের মাংস নষ্ট করে মাটিচাপা দেওয়া হয়েছে। মাংস জব্দের ঘটনায় অজ্ঞাতপরিচয় ১১ জনকে আসামি করে মামলার প্রস্তুতি চলছে।