পাথরঘাটায় ১৪৪ ধারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার পাথরঘাটা পৌর শহরে ১৪৪ ধারা জারি করা হয়েছে। পাথরঘাটা মোটরসাইকেল চালক সমিতি ও রিকশাশ্রমিক ইউনিয়ন গতকাল রোববার শহরে পাল্টাপাল্টি সমাবেশ ডাকায় উপজেলা প্রশাসন সকালে ১৪৪ ধারা জারি করে। পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজ্জ্বল কুমার দে বলেন, শহরে দুই পক্ষ পাল্টাপাল্টি সমাবেশ ডাকায় আইনশৃঙ্খলার অবনতির আশঙ্কায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। রোববার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ১৪৪ ধারা বলবৎ থাকবে।গত ২৫ জানুয়ারি শহরের মোটরসাইকেল চালকদের কাছে পৌরসভার টোল আদায়কে কেন্দ্র করে পৌর কর্মচারী ও মোটরসাইকেল চালকদের সঙ্গে হাতাহাতির ঘটনা ঘটে। এতে তাৎক্ষণিকভাবে পৌর মেয়র মল্লিক মোহাম্মদ আইউবের বিরুদ্ধে মোটরসাইকেল চালক-শ্রমিকেরা শহরে মিছিল করেন। এ ঘটনায় পৌর কর্মচারী মাহাতাব আকন পাথরঘাটা বিচারিক হাকিম আদালতে ওই দিনই ২৬ মোটরসাইকেল চালকের নামে মামলা করেন। মামলার প্রতিবাদে গতকাল শহরে সমাবেশের ডাক দেয় পাথরঘাটা মোটরসাইকেল চালক সমিতি। অপরদিকে মেয়র মল্লিক মোহাম্মদ আইউবের পক্ষে রিকশা শ্রমিক ইউনিয়ন পাল্টা সমাবেশ ডাকে।