পাথরঘাটায় ২২টি হরিণের মাংস জব্দ একজন গ্রেপ্তার
বরগুনার পাথরঘাটায় একটি ট্রলার থেকে হরিণের মাংস, একটি জীবিত হরিণ ও মৃত একটি মদনটাক পাখি জব্দ করা হয়েছে। মঙ্গলবার রাত দেড়টার দিকে পাথরঘাটা কোস্টগার্ড ও স্থানীয় বন বিভাগ যৌথভাবে অভিযান চালিয়ে সুন্দরবনসংলগ্ন বিষখালী নদীর জিনতলা থেকে বন্য প্রাণী ও মাংস জব্দ করে।বন্য প্রাণী শিকারি দলের সঙ্গে জড়িত সন্দেহে গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার চরদুয়ানী জ্ঞানপাড়ার ইউনুস হাওলাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। একই পাড়ার মালেক গোমস্তার বাড়িতে তল্লাশি চালানো হয়েছে। গতকালের অভিযানের নেতৃত্ব দেন বন বিভাগের মংলার উপসহকারী বন সংরক্ষক বিকাশ চন্দ্র। এ সময় চরদুয়ানী নৌপুলিশ ফাঁড়ির সদস্য ও পাথরঘাটা বন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কোস্টগার্ডের পাথরঘাটা স্টেশন কমান্ডার হারুন অর রশীদ বুধবার জানান, ট্রলারটি থেকে ২২টি হরিণের ৩৫০ কেজি মাংসসহ একটি জীবিত হরিণ, মৃত একটি মদনটাক পাখি ও দুটি হরিণের মাথা উদ্ধার করা হয়। এ সময় হরিণ শিকারের কিছু ফাঁদও জব্দ করা হয়। তবে কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে শিকারি দলের সদস্যরা পালিয়ে যান। বন বিভাগ পাথরঘাটার রেঞ্জ কর্মকর্তা আবদুল লতিফ খান বলেন, বন বিভাগের পাথরঘাটা বিট কর্মকর্তা নজরুল ইসলাম বাদী হয়ে বন আইনে একটি মামলা করেছেন। জব্দ করা হরিণের মাংস মাটিচাপা দেওয়া হয়েছে।