পাথরবোঝাই ট্রাক উল্টে নিহত ২
দিনাজপুরের নবাবগঞ্জে পাথরবোঝাই একটি ট্রাক উল্টে দুই ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন।
নিহত দুজন হলেন কিশোরগঞ্জের ইটনা উপজেলার কালিয়া গ্রামের আবদুর রহমানের ছেলে মান্নান (৩০) ও একই গ্রামের তাজু মিয়ার ছেলে শাহজাহান (২৬)। তাঁরা দুজন ইলিশ মাছ বিক্রেতা।
আজ শুক্রবার সকালে নবাবগঞ্জের মতিহারা পরানদিঘি নামক স্থানে এই ঘটনা ঘটে।
নবাবগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) তৌহিদুল ইসলাম প্রথম আলোকে বলেন, কিশোরগঞ্জ থেকে ২০ জন ইলিশ মাছ বিক্রেতা ঠাকুরগাঁওয়ে মাছ বিক্রি করতে আসেন। মাছ বিক্রি শেষে পাথরবোঝাই একটি ট্রাকে করে তাঁরা টাঙ্গাইলের এলেঙ্গা যাচ্ছিলেন। সকালে নবাবগঞ্জের মতিহারা পরানদিঘি এলাকায় চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি রাস্তার পাশের একটি ডোবায় উল্টে যায়। এতে পাথরচাপায় ঘটনাস্থলে মান্নান ও শাহজাহান নিহত হন। আহত হন আরও তিনজন। লাশ দুটি নবাবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। এ ঘটনার পর থেকে ট্রাকের চালক ও সহকারী পলাতক।