পাথরবোঝাই ট্রাক নিয়ে ভেঙে পড়েছে সেতু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মুন্সীবাজার ইউনিয়নের মইডাইল এলাকায় গতকাল রোববার পাথরবোঝাই ট্রাক নিয়ে একটি বেইলি সেতু ভেঙে পড়েছে। এতে মৌলভীবাজারের সঙ্গে কমলগঞ্জের সরাসরি সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে।এলাকাবাসী জানান, সিলেটের জাফলং থেকে পাথরবোঝাই ট্রাকটি কমলগঞ্জের ভানুগাছ বাজারে যাচ্ছিল। পরে ট্রাকটি মইডাইল এলাকায় বেইলি সেতু পারাপারের সময় সেতুটি ভেঙে পড়ে। এর পর গতকাল ভোর থেকে কমলগঞ্জের সঙ্গে মৌলভীবাজার সদরের সরাসরি সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। এ সময় সেতুর উভয় পাশে অসংখ্য যানবাহন আটকা পড়ে। এতে যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হয়।মুন্সীবাজারের ইউপি চেয়ারম্যান আবদুল মোতালিব তরফদার ক্ষোভ প্রকাশ করে বলেন, সেতুটি দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ ছিল। এর পরও এখানে সতর্কতামূলক সাইনবোর্ড টানানো হয়নি। ফলে সব ধরনের ভারী যানবাহন চলাচল অব্যাহত থাকে। এ কারণে এ দুর্ঘটনা ঘটেছে। তবে এ ঘটনার জন্য স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ (এলজিইডি) দায়ী। তবে এলজিইডি কমলগঞ্জের প্রকৌশলী গোলাম মোহামঞ্চদ মহিউদ্দীন চৌধুরী বলেন, সেতুটি কখনো ঝুঁকিপূর্ণ ছিল না। মূলত ধারণক্ষমতার চেয়ে তিন গুণ বেশি পাথর নিয়ে ট্রাকটি পারাপারের সময় সেতুটি ভেঙে পড়ে।কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহিদুল ইসলাম মিয়া বলেন, ওই ট্রাকচালকের ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা করে দেখা গেছে, তাঁর লাইসেন্সটি ভুয়া। ভুয়া লাইসেন্স ও অতিরিক্ত মালামাল পরিবহনের দায়ে চালক শাহিন আহমদকে জরিমানা করা হবে।