পাথরবোঝাই ট্রাকের চাপে কালভার্ট ধস
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাথরবোঝাই ট্রাকের চাপে নোয়াখালী শহরের হরিনারায়ণপুর এলাকায় একটি কালভার্ট ধসে পড়েছে। এতে এলাকার বাসিন্দারা চরম ভোগান্তিতে পড়েছে।
স্থানীয় সূত্র জানায়, গত বুধবার দিবাগত রাত ১১টার দিকে শহরের প্রধান সড়ক থেকে ধারণক্ষমতার অতিরিক্ত পাথরবোঝাই একটি ট্রাক গোদার মসজিদ-স্টেশন সড়কে প্রবেশ করে। ট্রাকটি হরিনারায়ণপুর এলাকার ওই কালভার্টের ওপর ওঠার পর সেটি ভেঙে পড়ে। এতে সড়কটিতে যানবাহন ও পথচারীদের চলাচল বন্ধ হয়ে গেছে।
গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, কয়েকজন শ্রমিক ট্রাক থেকে পাথর সরিয়ে ট্রাকটি উদ্ধারের চেষ্টা করছেন।
নোয়াখালী পৌরসভার সহকারী প্রকৌশলী শাহেদুল ইসলাম প্রথম আলোকে বলেন, অতিরিক্ত পাথরবোঝাই ট্রাকের চাপে কালভার্টটি ভেঙে পড়েছে। ট্রাকটি সরিয়ে নেওয়ার পর নাগরিকদের চলাচলের ব্যবস্থা করা হবে।