পাথরবোঝাই ট্রাকের চাপে ভেঙে পড়ল সেতু, দুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের জুড়ী উপজেলায় ধারণক্ষমতার অতিরিক্ত পাথরবোঝাই ট্রাক ওঠায় একটি বেইলি সেতু ভেঙে গেছে। গতকাল বুধবার এই ঘটনা ঘটে। এতে উপজেলার জুড়ী-লাঠিটিলা সড়ক দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় লোকজন দুর্ভোগ পোহাচ্ছে।
সড়ক ও জনপথ (সওজ) বিভাগ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, সওজের উদ্যোগে জুড়ী-লাঠিটিলা সড়কে কয়েকটি কালভার্ট নির্মাণের কাজ চলছে। নির্মাণকাজের ঠিকাদারি প্রতিষ্ঠান সিলেটের জাফলং থেকে ট্রাকে করে পাথর নিয়ে লাঠিটিলার দিকে যাচ্ছিল। গতকাল সকাল ১০টার দিকে ট্রাকটি সেতুর ওপর ওঠার পর বিকট শব্দে এটি ভেঙে পড়ে। তবে গাড়ির চালক অক্ষত থাকেন। উপজেলার গোয়ালবাড়ী, সাগরনাল ও ফুলতলা ইউনিয়নের লোকজন এ সড়ক দিয়ে চলাচল করে।
সরেজমিনে বেলা ১১টার দিকে দেখা গেছে, সড়ক দিয়ে যান চলাচল বন্ধ। লোকজন ভাঙা সেতুর নিচে ছড়ার ওপর স্টিলের পাটাতন ফেলে হেঁটে চলাচল করছে।
সওজ কুলাউড়া কার্যালয়ের উপবিভাগীয় প্রকৌশলী মো. গোলাম রসুল প্রথম আলোকে বলেন, ট্রাকটির ধারণক্ষমতা সাত মেট্রিক টন ছিল। কিন্তু এটিতে প্রায় ২৫ মেট্রিক টন পাথর বোঝাই করা হয়েছিল। এর ফলে ট্রাকের চাপে সেতুটি ভেঙে গেছে। দুর্ঘটনাকবলিত ট্রাকটি উদ্ধার করা হবে। এ ছাড়া সেতুর পাশ দিয়ে বিকল্প রাস্তার নির্মাণকাজ শুরু হয়ে গেছে। আজকের মধ্যে ওই কাজ শেষ হওয়ার সম্ভাবনা আছে।