পাথরভাঙা কলের অনুমতিপত্র না দিতে বেলার নোটিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় পাথরভাঙার ১০৬টি কলের (স্টোন ক্রাশার মিল) অনুমতিপত্র দিতে নীতিমালা পরিবর্তন করার অভিযোগে পরিবেশ অধিদপ্তরের পরিচালক ও জেলা প্রশাসককে আইনগত নোটিশ দিয়েছে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা)।বেলার সিলেট বিভাগীয় সমন্বয়কারী শাহ শাহেদা আক্তার জানান, নোটিশটি গতকাল বৃহস্পতিবার ডাকযোগে বিভাগীয় পরিবেশ অধিদপ্তরের পরিচালক, জেলা প্রশাসক এবং কোম্পানীগঞ্জ, কানাইঘাট, জৈন্তাপুর ও গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) ঠিকানায় পাঠানো হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী মো. ইকবাল কবির স্বাক্ষরিত নোটিশটি বেলার সিলেট কার্যালয় থেকে পাঠানো হয়। পরিবেশ অধিপ্তরসহ জেলা ও উপজেলা প্রশাসন ৫ মের মধ্যে তাঁদের কার্যক্রম না জানালে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।নোটিশে বলা হয়, কোম্পানীগঞ্জে পাথর ভাঙার ১০৬টি কলের অনুমতিপত্র (লাইসেন্স) দেওয়ার জন্য পরিবেশ অধিদপ্তর, সিলেটের জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসন উদ্যোগী হয়েছে। এসব কল পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এবং ‘স্টোন ক্রাশিং মেশিন স্থাপন নীতিমালা, ২০০৬’ দ্বারা পরিচালিত হচ্ছে। বর্তমানে প্রভাবশালী মহলের চাপে উল্লিখিত এলাকার কলগুলো স্থাপনের বৈধতা দেওয়ার জন্যই সম্প্রতি ওই নীতিমালা সংশোধন করা হয়।এই সংশোধনী পরিবেশসম্মত কি না, সে বিষয়ে প্রশ্ন তুলে নোটিশে আরও বলা হয়, বেলার কাছে অভিযোগ রয়েছে যে শিগগিরই উল্লিখিত কলগুলোকে বৈধতা দেওয়া হবে। এভাবে অনুমোদন দেওয়া হলে পুরো এলাকা বায়ুদূষণ ও ধুলার শহরে পরিণত হবে। এ অবস্থায় প্রচলিত আইনের বিধি এবং নির্দেশনা পূরণ না করা পর্যন্ত পাথর ভাঙার কলগুলোর অনুমতিপত্র না দেওয়ার ব্যাপারে কার্যকর ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়।