পাথরশ্রমিককে ধরে নিয়ে গেছে বিএসএফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের জৈন্তাপুর উপজেলার সীমান্তবর্তী শ্রীপুর পাথর কোয়ারি থেকে একজন বাংলাদেশি পাথরশ্রমিককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তাঁর নাম জাহাঙ্গীর আলম (২৬)। জৈন্তাপুরের চারিকাঠা ইউনিয়েনের বাউরবাগ গ্রামের বাসিন্দা জাহাঙ্গীর শ্রীপুর পাথর কোয়ারিতে পাথর উত্তোলনের কাজ করতেন। গত শুক্রবার সকালে জাহাঙ্গীরকে ধরে নিয়ে গেলেও গতকাল শনিবার পর্যন্ত তাঁকে ছেড়ে দেওয়া হয়নি। এ ঘটনায় উদ্বিগ্ন শ্রমিকেরা গতকাল কোয়ারিতে পাথর উত্তোলনে নামেননি। বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) শ্রীপুর ক্যাম্প সূত্র জানায়, শুক্রবার পাথর কোয়ারিতে শ্রমিকেরা পাথর উত্তোলনে নামার সঙ্গে সঙ্গে সকাল আটটার দিকে বিএসএফের একটি দল সীমান্ত অতিক্রমের অভিযোগে জাহাঙ্গীরকে ধরে নিয়ে যায়। শ্রমিকেরা কাজ বন্ধ রেখে তাৎক্ষণিক বিজিবিকে ঘটনা জানান। বিজিবির পক্ষ থেকে যোগাযোগ করলেও জাহাঙ্গীরকে ফিরিয়ে দেওয়া হয়নি। এতে শ্রমিকেরা গতকাল কোয়ারিতে নামেননি। প্রত্যক্ষদর্শী একজন পাথরশ্রমিক বলেন, বাংলাদেশের অভ্যন্তর থেকে জাহাঙ্গীরকে বিএসএফ ধরে নিয়ে যায়। গতকাল সন্ধ্যায় যোগাযোগ করলে ৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শফিউল আজম প্রথম আলোকে বলেন, শুক্রবার রাতেই এ ব্যাপারে বিএসএফের সঙ্গে বিজিবির ক্যাম্প-পর্যায়ে যোগাযোগ হয়েছে। তাঁকে তামাবিল অভিবাসন পুলিশের মাধ্যমে ফেরত দেওয়ার বিষয়ে বিএসএফ সমঞ্চত হয়েছে।