পাথরের কুচি মিশিয়ে কীটনাশক!
রাজশাহীর বাঘার আড়াপাড়া ও শ্রীরামপুর গ্রামে ভেজাল কীটনাশক তৈরির দুটি কারখানার সন্ধান পাওয়া গেছে। গত বৃহস্পতিবার অভিযান চালিয়ে এ দুটি কারখানার সন্ধান পায় পুলিশ। এ সময় সেখান থেকে বিপুল পরিমাণ ভেজাল কীটনাশক, বিভিন্ন কোম্পানির নকল লেবেল, মোড়ক ও কীটনাশক তৈরির উপকরণ জব্দ করা হয়। ওই দিনই এ ব্যবসার সঙ্গে জড়িত দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার হওয়া দুজন হলেন চারঘাট উপজেলার বনকিশোরের খেজমত আলী ও বড়বড়ীয়া গ্রামের এছাহক।বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রহমান জানান, গত বৃহস্পতিবার প্রথমে চারঘাট থানার উপপরিদর্শক (এসআই) আসাদ ওই উপজেলার ইউসুফপুর বালিঘাট থেকে খেজমত ও এছাহককে আটক করেন। এ সময় তাঁদের কাছ থেকে ১৫ বোতল তরল ও প্যাকেটে রাখা গুঁড়াজাতীয় ৩২টি ভেজাল কীটনাশক জব্দ করা হয়। পরে তাঁদের স্বীকারোক্তি অনুযায়ী সকাল নয়টায় বাঘা ও চারঘাট থানার পুলিশ যৌথ অভিযান চালিয়ে উপজেলার আড়াপাড়া গ্রামের কামরুল ও শ্রীরামপাড়া গ্রামের মেকারুলের বাড়ি থেকে বিপুল পরিমাণ ভেজাল কীটনাশক, কীটনাশক তৈরির উপকরণ; পাথুরের কুচি, সোডা ও লবণ জব্দ করে।ওসি আমিনুর রহমান আরও জানান, এ সময় তাঁরা পিওর হোম কোম্পানির পিওর মিল, সিনজেন্টা কোম্পানির বাসুডিন, পদ্মা অয়েল কোম্পানির ফুরাডান, মুক্তা প্লাস, ম্যাপ অ্যাগ্রো কোম্পানির বোরাক্স, আলফা কোম্পানির কোজেব, করবেল কোম্পানির কারটাপ, ম্যাগডোনান্ড কোম্পানির নোইন, এসিআই কোম্পানির কার্বোফোরান, বায়ার কোম্পানির ডায়াথন এম এবং রোভরানের লেবেল ও প্যাকেট উদ্ধার করেছে। ওই দুই বাড়ির কয়েকটি কক্ষে এসব উপকরণ দিয়ে তরল ও গুঁড়াজাতীয় ভেজাল কীটনাশক তৈরি করা হতো। তরল কীটনাশক ভরে বোতলের ওপর বিভিন্ন প্রতিষ্ঠানের লেবেল লাগিয়ে এবং গুঁড়াজাতীয় কীটনাশক নকল মোড়কে ভরে বাজারে সরবরাহ করা হতো।অভিযানের সময় কামরুল ও মেকারুল পালিয়ে যান। জব্দ করা কীটনাশকের বাজারমূল্য প্রায় আট লাখ টাকা। অভিযান পরিচালনার সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ব্রেনজন চাম্বুগং উপস্থিত ছিলেন। তিনি কারখানা দুটি বন্ধ করে দিয়েছেন এবং বাঘার আড়াপাড়া বাজারে থাকা কামরুল ও মেকারুলের দুটি দোকানও সিলগালা করেন।ভেজাল পণ্য উৎ পাদন ও বিক্রয়ের অভিযোগে চারঘাট থানায় বৃহস্পতিবার কামরুল, মেকারুল, খেজমত ও এছাহকের বিরুদ্ধে মামলা হয়েছে। খেজমত ও এছাহককে গ্রেপ্তার করে চারঘাট থানায় আনা হয়েছে। আজ শনিবার তাঁদের আদালতে পাঠানো হবে। একই অভিযোগে কামরুল ও মেকারুলের বিরুদ্ধে বাঘা থানায় আরেকটি মামলা হয়েছে।