পাথরের ট্রাকের হুমকিতে নগরের সড়ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী নগরের বড় রাস্তাগুলো বেশ পরিপাটি। সম্প্রতি এই রাস্তাগুলো পাথরের ট্রাকের হুমকিতে পড়েছে। ভারবাহী ট্রাক চলাচলের জন্য উত্তর পাশ দিয়ে প্রশস্ত বাইপাস সড়ক থাকলেও অবাধে পাথরের ট্রাক নগরে ঢোকায় নগরবাসী উদ্বিগ্ন হয়ে পড়েছে।
রাজশাহী সিটি করপোরেশন থেকে জানা গেছে, নগরের মধ্যে প্রায় ৪১০ কিলোমিটার পাকা রাস্তা রয়েছে। এই রাস্তাগুলো পাথরের ট্রাকের মতো ভারবাহী যানবাহন চলাচলের উপযুক্ত করে নির্মাণ করা হয়নি। এসব ভারবাহী ট্রাক চলাচলের জন্য নগরের কাশিয়াডাঙ্গা থেকে জেলার পুঠিয়া উপজেলার বেলপুকুর পর্যন্ত প্রায় ২২ কিলোমিটার বাইপাস সড়ক নির্মাণ করা হয়েছে।
বাইপাস সড়কের বিভিন্ন জায়গায় খানাখন্দে ভরে গেছে। এখন ট্রাকগুলো বাইপাস সড়ক এড়িয়ে নগরের মধ্যে ঢুকছে। সন্ধ্যার পর থেকে সারা রাত ট্রাকগুলো নগরের ভেতর দিয়েই যাচ্ছে। পুলিশ এ ব্যাপারে কোনো ব্যবস্থা নিচ্ছে না।
পরিবেশবাদী সংগঠন হেরিটেজ-রাজশাহীর প্রতিষ্ঠাতা সভাপতি মাহাবুব সিদ্দিকী বলেন, মহানগরের ভেতরের এই রাস্তাগুলোতে নগরবাসী পায়ে হেঁটে, বাইসাইকেলে, রিকশায়, মোটরসাইকেলে রাত-দিন চলাফেরা করে। এই রাস্তাগুলো পরিপাটি বটে কিন্তু পাথরের ট্রাকের ভার সহ্য করার মতো শক্ত নয়। এই সড়কে যেভাবে পাথরের ট্রাক ঢুকছে, অচিরেই রাস্তার মসৃণ চেহারায় ভাঙন ধরবে। কিছুসংখ্যক পাথর ব্যবসায়ীর স্বার্থ দেখতে গিয়ে নগরের প্রায় পাঁচ লাখ নাগরিককে ভুগতে হবে। অবিলম্বে এগুলোকে বাইপাস সড়ক দিয়ে পাঠানোর ব্যবস্থা করা হোক।
সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী আশরাফুল হক বলেন, নগরের এই রাস্তাগুলো এত ভারী ট্রাক চলাচলের উপযোগী করে নির্মাণ করা হয়নি। এত ভার এই রাস্তা সহ্য করতে পারবে না। পাথরের ট্রাক চলাচলের বিষয়টি তাঁরা জানতে পেরেছেন। বিষয়টি নিয়ে ট্রাফিক পুলিশের সঙ্গে কথা বলবেন।
মহানগর ট্রাফিক পুলিশের পরিদর্শক আবু রায়হান বলেন, দিনের বেলায় কোনো ট্রাক ঢুকতে দেওয়া হয় না। রাতে তাঁদের নজর এড়িয়ে ঢুকতে পারে। এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।