পাথরের সঙ্গে কংক্রিট মিশিয়ে ঢালাই!
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার মরিয়মনগর ডিসি সড়কে গুমাই সেতু নির্মাণে অনিয়মের অভিযোগ উঠেছে। গত শনিবার পাথরের সঙ্গে কংক্রিট মিশিয়ে ঢালাইয়ের কাজ করা হয়েছে।এলাকাবাসী জানান, সড়ক ও জনপথ বিভাগ মরিয়মনগর ডিসি সড়কের তিনটি কালভার্টের সঙ্গে গুমাই সেতু নির্মাণের উদ্যোগ নেয়। প্রায় এক কোটি ৩৬ লাখ টাকা ব্যয়ে সেতুর নির্মাণকাজ করে হজরত শাহজালাল ব্রিক্স অ্যান্ড ম্যানুফেকচারার্স নামের ঠিকাদার প্রতিষ্ঠান।নাম প্রকাশে অনিচ্ছুক সওজ বিভাগের এক প্রকৌশলী জানান, সেতুর তলায় ও পিলারের কাজে পাথরের পরিবর্তে সম্পূর্ণ ইটের কংক্রিট ব্যবহার করা হয়। সেতুর ওপরের ছাদ নির্মাণে পাথরের সঙ্গে কংক্রিট মিশিয়ে ঢালাই দেওয়া হয়। বালুর সঙ্গে সিমেন্ট কম ব্যবহার করা হয়। লোহাও ব্যবহার করা হয় অপেক্ষাকৃত ছোট। ফলে সেতুটি ঝুঁকিপূর্ণই রয়ে গেল। সরেজমিনে দেখা যায়, গত শনিবার সন্ধ্যায় ঢালাইয়ের কাজ শেষ হলেও ইটের কংক্রিটসহ কাজের অনিয়ম ঢাকার জন্য গতকাল সকাল থেকে মাটি ভরাট করা হচ্ছে। সেতুর নির্মাণকাজে ব্যবহূত কংক্রিট ও পাথরের একটি স্তূপ এ সময় সেতুর পাশে ছিল। ঢালাইয়ের ওপরও কংক্রিটগুলো দেখা যাচ্ছে।সেতুর নির্মাণকাজ তদারকির কাজে নিয়োজিত সওজ বিভাগের রাঙ্গুনিয়া উপজেলা কার্যালয়ের কার্যসহকারী রাসেল দেওয়ান বলেন, কংক্রিট আর পাথর মিশিয়ে ঢালাইসহ যে কাজ করা হয়েছে তা সিডিউল মোতাবেক কি না আমার জানা নেই। সিডিউলসহ সবকিছু উপনির্বাহী প্রকৌশলী ও ঠিকাদারের হাতে।সওজ বিভাগের চট্টগ্রাম জেলা উপনির্বাহী প্রকৌশলী খন্দকার গোলাম মোস্তফা বলেন, সেতুর নির্মাণকাজে কংক্রিট ব্যবহার হয়নি। কোনো অনিয়মও হয়নি।ঠিকাদার প্রতিষ্ঠানের মালিক মুসা মুঠোফোন রিসিভ করেননি। সওজ বিভাগের চট্টগ্রাম জেলা নির্বাহী প্রকৌশলী রানাপ্রিয় বড়ুয়া বলেন, সেতুর নির্মাণকাজে কোনো রকম কংক্রিট ব্যবহারের সুযোগ নেই। লোহা, সিমেন্ট ও বালু ব্যবহারের অনিয়ম প্রমাণিত হলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।