পাথুরে সৈকত ইনানীতেও পর্যটকের ঢল
কক্সবাজার শহর থেকে ৩৫ কিলোমিটার দূরে পাথুরে সৈকত ইনানীতেও পর্যটকের ঢল নেমেছে। প্রাকৃতিকভাবে সৃষ্ট পাথুর স্তূপে দাঁড়িয়ে সমুদ্র দেখার পাশাপাশি পর্যটকেরা পাশের পাহাড়ের কানা রাজার সুড়ঙ্গ, চিংড়ির পোনা উৎপাদনের হ্যাচারি জোন ও সুপারি বাগান ঘুরে দেখছেন।
দেখা গেছে, শত শত পর্যটক বিভিন্ন যানবাহনে চড়ে মেরিন ড্রাইভ সড়ক ধরে কক্সবাজার থেকে ইনানী ভ্রমণে যাচ্ছেন। পথে বড়ছড়া পাহাড়ি ঝরনা, দরিয়ানগর পর্যটনকেন্দ্র, হিমছড়ি ঝরনা ও পাহাড়রচূড়ার বিনোদনকেন্দ্রেও ঢুঁ মারছেন অনেকে।
চট্টগ্রামের হালিশহর থেকে ভ্রমণে আসা একটি পোশাক কারখানার কর্মকর্তা হাবিবুর রহমান বলেন, ‘চার দিনের ঈদের ছুটি কাটাতে ৩১ জুলাই কক্সবাজার এসেছি। দুই দিন কক্সবাজার সৈকত, বার্মিজ মার্কেট, বৌদ্ধবিহার, রাখাইন পল্লি ঘুরেছি। এখন পাথুরে সৈকত ইনানী ভ্রমণ করে বেশ আনন্দ পাচ্ছি।’
নোয়াখালীর বেগমগঞ্জ থেকে আসা গোলাম কিবরিয়া ও রোজী কিবরিয়া জানান, প্রথমবারের মতো ইনানী সৈকত ঘুরে তাঁদের ভালো লাগছে। কক্সবাজার সৈকতের চেয়ে কিছুটা ভিন্নতা আছে এখানে। থাকা-খাওয়া ও যাতায়াতের সুব্যবস্থা নিশ্চিত করা গেলে ইনানী সৈকতে আরও বিপুলসংখ্যক পর্যটকের সমাগম ঘটবে।
উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বলেন, ঈদের পর দিন থেকে পাথুরে সৈকত ইনানীতে পর্যটকের উপচে পড়া ভিড় লেগেছে। পর্যটকের নিরাপত্তা ও ভোগান্তি লাঘবে প্রশাসনের পক্ষ থেকে নানা ব্যবস্থা নেওয়া হয়েছে।
পুলিশ সুপার মো. আজাদ মিয়া বলেন, ঈদের পর গত ছয় দিনে অন্তত দুই থেকে আড়াই লাখ পর্যটক কক্সবাজার সমুদ্রসৈকত ভ্রমণ করেছেন। এই বিপুলসংখ্যক পর্যটকের নিরাপত্তায় পুলিশের পাশাপাশি টুরিস্ট পুলিশের আরও ৮২ জন সদস্যকে মাঠে নামানো হয়েছে। একজন অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে টুরিস্ট পুলিশ সদস্যরা কক্সবাজার সৈকত ছাড়াও ইনানী, হিমছড়িসহ বিভিন্ন দর্শনীয় স্থানে পর্যটকের নিরাপত্তা নিশ্চিত করছেন। যে কারণে পর্যটকেরা খুশি।