পাদুয়া সীমান্তে খাসিয়াদের হাতে যুবক গুলিবিদ্ধ
সিলেটের গোয়াইনঘাট সীমান্তে খাসিয়াদের গুলিতে বাংলাদেশি এক যুবক গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন। গতকাল শনিবার বেলা ১১টায় গোয়াইনঘাট উপজেলার পাদুয়া সীমান্তের ১২৭০ নম্বর মেইন পিলার এলাকায় এ ঘটনা ঘটে। আহত ব্যক্তির নাম তেরা মিয়া (১৮)। তিনি উপজেলার পান্তুমাই গ্রামের গ্রামপুলিশ আবদুল মজিদের ছেলে। আহত তেরা মিয়া বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকি ৎ সাধীন। স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো তেরা মিয়া গতকাল বেলা ১১টার দিকে পাদুয়া সীমান্তের ১২৭০ নম্বর পিলার এলাকায় বাংলাদেশি ভূমিতে তাঁর গরু চরাতে যান। এ সময় বিএসএফের উপস্থিতিতে ভারতীয় খাসিয়ারা তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে তেরা মিয়ার মাথা, মুখমণ্ডল, হাত, পেট, বুকসহ শরীরের বিভিন্ন স্থানে প্রায় ১৬টি গুলি লাগে। এ অবস্থায় তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকি ৎ সক সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। বিজিবি-৫ ব্যাটালিয়নের টুআইসি মেজর সাব্বির ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তিনি জানান, ওই যুবক গরু নিয়ে ভারতীয় সীমানায় প্রবেশ করায় খাসিয়ারা গুলি করে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।প্রতিবাদ: এদিকে ভারতীয় খাসিয়াদের হাতে বাংলাদেশি যুবক আহত হওয়ায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সিলেট-৪ আসনের সাবেক সাংসদ ও সিলেট জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি দিলদার হোসেন সেলিম। তিনি প্রথম আলোকে বলেন, ভারতীয়রা সীমান্তে নির্বিচারে হত্যা, গুলিসহ তাদের আগ্রাসী ভূমিকা চালিয়ে যাচ্ছে। অথচ সরকার কোনো ব্যবস্থা নিচ্ছে না।গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল হাকিম চৌধুরী এ ঘটনার নিন্দা জানিয়ে বলেন, ‘আমি ঘটনা শুনে গুলিবিদ্ধ যুবককে দেখতে গিয়েছি এবং তাঁর চিকি ৎ সার খোঁজখবর নিচ্ছি। তবে এভাবে আর কত আমরা নিগৃহীত হব ভারতীয়দের কাছে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি জোর দাবি জানাচ্ছি।’