পাদুয়া সীমান্তে বিএসএফের বাধায় এবার সবজি চাষ বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের সীমান্তবর্তী মিনাটিলায় ফুটবল খেলা বন্ধ করে দেওয়ার এক সপ্তাহের মাথায় এবার পাদুয়া সীমান্তে বাংলাদেশিদের সবজি চাষাবাদ বন্ধ করে দেওয়া হয়েছে। গত শুক্রবার বাংলাদেশি চাষিদের সবজি চাষাবাদে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) বাধা দেয়। এ ঘটনার পরিপ্রেক্ষিতে গতকাল শনিবার বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বিএসএফের কোম্পানি পর্যায়ে অনুষ্ঠিত পতাকা বৈঠকে বাংলাদেশ অভ্যন্তরের সবজিখেতকে ‘সীমান্তের বিরোধপূর্ণ জায়গা’ চিহ্নিত করে চাষাবাদ না করার সিদ্ধান্ত হয়। বিজিবি স্থানীয়ভাবে বাংলাদেশি চাষিদের বিরোধ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আর চাষাবাদ না করতে বলেছে। যোগাযোগ করলে বিজিবি-৫ অধিনায়ক লে. কর্নেল শফিউল আজম পতাকা বৈঠকের পর এ সিদ্ধান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন। এ ব্যাপারে তিনি প্রথম আলোকে বলেন, ‘ওই জায়গাটি বিরোধপূর্ণ। বিরোধপূর্ণ জায়গা বাংলাদেশি বা ভারতীয়—কেউ ব্যবহার করতে পারবে না। উভয় পক্ষে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’ স্থানীয় লোকজন জানান, সিলেটের গোয়াইনঘাটের জাফলং এলাকার পাদুয়া সীমান্তের ১২৭১ নম্বর পিলার থেকে প্রায় এক হাজার গজ অভ্যন্তরে বাংলাদেশিরা সবজিখেতে চাষাবাদ করে আসছিলেন। শীতকালীন চাষাবাদ শেষে সমপ্রতি খেতে নতুন করে চাষাবাদ শুরু করার প্রস্তুতি নেন চাষিরা। গত শুক্রবার চাষাবাদকালে সকাল ১০টার দিকে চাষাবাদস্থলে বিএসএফ এসে চাষিদের বাধা দেয়। এ সময় বিজিবির প্রতাপপুর ক্যাম্প থেকে বিজিবির সদস্যরাও উপস্থিত হন। চাষাবাদ হবে কি না, এ নিয়ে বিজিবি-বিএসএফ আলোচনা করার জন্য পতাকা বৈঠক আহ্বান করে।বিজিবি সূত্র জানায়, গতকাল বেলা ১১টায় ১২৭১ নম্বর পিলার এলাকায় বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় বিজিবির পক্ষে উপস্থিত ছিলেন কোম্পানি কমান্ডারসহ ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার নিজাম উদ্দিন। বিএসএফের পক্ষে ভারতের পাদুয়া কোম্পানি কমান্ডার বিষ্ণু দের নেতৃত্বে প্রতিনিধিদল উপস্থিত ছিল। প্রায় এক ঘণ্টার বৈঠক শেষে উভয় পক্ষ বাংলাদেশিদের সবজি চাষাবাদের জায়গাকে ‘সীমান্তের বিরোধপূর্ণ’ বলে চিহ্নিত করে উভয় পক্ষ ব্যবহার করা থেকে বিরত থাকার সিদ্ধান্ত হয়। বৈঠক শেষে বিজিবি বাংলাদেশি চাষিদের ওই জায়গায় বিরোধ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আর চাষাবাদ করতে নিষেধ করে।বিএসএফের বাধা দেওয়ার পরিপ্রেক্ষিতে বিজিবি সবজিখেতে চাষাবাদ করতে নিষেধ করায় এ নিয়ে সীমান্ত এলাকায় বসবাসকারী বাংলাদেশিদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। একাধিক সবজিচাষি জানান, পাদুয়ার ওই সীমান্ত পিলার থেকে এক হাজার গজ বাংলাদেশ অভ্যন্তরের প্রায় তিন একর জমিতে সবজিজাত ফলন মিষ্টি লাউ চাষাবাদ বংশ পরম্পরায় করে আসছেন। এটি আশপাশ এলাকার বাংলাদেশিদের বাড়তি আয় হিসেবে চলছিল। এ অবস্থায় চাষাবাদ না করতে বলায় অনেকেই বিপাকে পড়েছেন।সিলেটের সীমান্ত এলাকায় ভারত-বাংলাদেশের যৌথ জরিপচলাকালীন সীমান্তবিরোধ নিষ্পত্তির দাবিতে গঠিত সংগঠন ‘আমরা সীমান্তবাসী’র আহ্বায়ক সাবেক সাংসদ দিলদার হোসেন সেলিম বিএসএফের বাধায় সবজি চাষাবাদ বন্ধ রাখার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন। সংগঠনের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, ১২ মার্চ জৈন্তাপুর উপজেলার সীমান্তবর্তী ডিবির হাওর এলাকার মিনাটিলায় বাংলাদেশি কিশোরদের ফুটবল খেলা বন্ধ করে দেওয়ার পাঁচ দিন পর পাদুয়ায় চাষাবাদ বন্ধ করার ঘটনা সীমান্তবাসীর জন্য বড় উদ্বেগের।বিবৃতিতে দিলদার হোসেন সেলিম বলেন, ‘সীমান্তে যৌথ জরিপের নামে অনেক ভূমি ভারতের হাতে তুলে দেওয়া হয়েছে। এখন সীমান্তের নতুন নতুন এলাকা এভাবে পর্যায়ক্রমে বাধা দিয়ে বিরোধপূর্ণ জমি সৃষ্টি করা হচ্ছে।’ সরকারের নতজানু পররাষ্ট্রনীতির কারণে এমন হচ্ছে দাবি করে তিনি এ ব্যাপারে সরকারের পক্ষ থেকে অবিলম্বে কূটনৈতিক তৎপরতা চালিয়ে বাংলাদেশিদের ভূমির অধিকার নিশ্চিত করার আহ্বান জানান।