পাদুয়া সীমান্তে যৌথ ভুমি জরিপ অব্যাহত
সিলেটের গোয়াইনঘাট-জৈন্তা এলাকার সীমান্তবিরোধ নিরসনে যৌথ কমিশনের ভূমি জরিপ অব্যাহত রয়েছে। গোয়াইনঘাট উপজেলার পাদুয়া সীমান্তে গতকাল বুধবার তৃতীয় দিনের জরিপের প্রাথমিক কাজ সম্পন্ন হয়েছে।বাংলাদেশ-ভারত জরিপ কমিশনের প্রতিনিধিদল গতকাল সকাল ১০টায় পাদুয়া সীমান্তের ১২৭০ নম্বর মেইন পিলারের পিয়াইন নদীর তীর পরির্দশন করে। দুপুর একটার দিকে সীমান্তের পান্তুমাই এলাকায় দুই পক্ষের মধ্যে প্রথম পতাকা বৈঠক হয়। গত মঙ্গলবার সন্ধ্যায় পাদুয়া এলাকায় বিএসএফের অনুপ্রবেশের ঘটনায় বৈঠকে উপস্থিত বিএসএফের কর্মকর্তারা দুঃখ প্রকাশ করেন এবং ভবিষ্যতে এ রকম ঘটনা ঘটবে না বলে কথা দেন। বেলা দেড়টার দিকে দ্বিতীয় দফা পতাকা বৈঠক হয় পাদুয়া সীমান্তের বিরোধপূর্ণ ভূমির মধ্যবর্তী স্থানে। এ সময় বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন অতিরিক্তি জেলা প্রশাসক (রাজস্ব) মুহম্মদ আবুল হাসান, সিলেটের ২১ রাইফেল ব্যাটালিয়নের অধিনায়ক কর্নেল খায়রুল খাদির, মেজর আবদুল্লাহ আল মামুন ভূঁইয়াসহ সাতজনের জরিপ দল। ভারতের পক্ষে ছিলেন ১ নম্বর বিএসএফ ব্যাটালিয়ন শিলংয়ের কমান্ডিং অফিসার শেখর গুপ্তাসহ সাত সদস্যের জরিপ দল। বৈঠকে বিএসএফ পাদুয়া সীমান্তের ২৩০ একর অপদখলীয় ভূমি ছাড়াও আরও ২০০ একর ভূমি দাবি করে। এ বক্তব্য প্রত্যাখ্যান করে বাংলাদেশের জরিপ দল। তবে জরিপকাজ সম্পন্ন না হওয়া পর্যন্ত উভয় দেশ সংযম প্রদর্শন করবে বলে সিদ্ধান্ত হয়।বিডিআরের পাদুয়া ক্যাম্পের কমান্ডার নায়েক সুবেদার শাহেদ আলী প্রথম আলোকে বলেন, ‘আশা করি, জরিপের পর দুই দেশের ভূমি সমস্যার সমাধান হবে।’ সিলেটের এডিসি (রাজস্ব) ও জরিপ দলের প্রধান মুহম্মদ আবুল হাসান বলেন, ‘বিএসএফ অসংযমী ছিল সত্য। তবে আমরা জরিপকারীরা অত্যন্ত আন্তরিকতায় জরিপের প্রাথমিক মাপজোখ সম্পন্ন করেছি। আজ বৃহস্পতিবার বিজয় দিবসের জন্য জরিপকাজ বন্ধ থাকবে। কাল শুক্রবার থেকে আবারও জরিপের কাজ শুরু হবে। তবে এটা চলমান প্রক্রিয়া। রাতারাতি সব জরিপ সম্ভব নয়।’গত ২৯ নভেম্বর তামাবিল সীমান্তের শূন্যরেখায় বাংলাদেশ ও ভারতের ভূমি জরিপ কমিশনের বৈঠক হয়। বৈঠকে গোয়াইনঘাট-জৈন্তাপুর-কানাইঘাট সীমান্তের বিছনাকান্দি, সোনারহাট, প্রতাপপুর, তামাবিল, আমস্বপ্নপুর, শ্রীপুর, মিনাটিলা, ডিবির হাওর ও কানাইঘাটের লোভাছড়াসহ বিভিন্ন বিরোধপূর্ণ ভূমি জরিপের সিদ্ধান্ত নেওয়া হয়। গত ১৩ ডিসেম্বর থেকে পাদুয়া সীমান্তে যৌথ কমিশনের ভুমি জরিপ প্রক্রিয়া শুরু হয়।