পান আমদানি বন্ধের দাবি
ভারতীয় পান আমদানি বন্ধের দাবিতে বরিশালের গৌরনদী ও আগৈলঝাড়ার পানচাষিরা গতকাল মঙ্গলবার সমাবেশ করেছেন। এ সময় চাষিরা দাবি আদায়ের জন্য ১২ দিনের কর্মসূচি ঘোষণা করেন।
গৌরনদীর টরকি বাসস্ট্যান্ডে গতকাল সকালে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। পানচাষিরা বলেন, ভারত থেকে পান আমদানি করায় দেশি পানের দাম কমে গেছে। এখন তাঁরা খরচের টাকাও ওঠাতে পারছেন না।
পানচাষি আন্দোলন কমিটির আহ্বায়ক আল আমিন হাওলাদার সমাবেশে সভাপতিত্ব করেন। চাষিদের দাবিকে সমর্থন করে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পৌরসভার মেয়র মো. হারিছুর রহমান। আরও বক্তব্য দেন পানচাষি মো. লাভলু খান।
আন্দোলন কমিটির আহ্বায়ক বলেন, দাবি আদায়ের জন্য ১৫ দিন লাগাতার কর্মসূচি পালন করা হবে। এর মধ্যে রয়েছে ১০ থেকে ১৭ জুন পানচাষিদের গণসংযোগ, ১৮ জুন চাষিদের কর্মবিরতি, ২০ জুন উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি পেশ, ২২ জুন বিক্ষোভ, ২৪ জুন গণমাধ্যমের সঙ্গে মতবিনিময়, ২৫ জুন শহীদ মিনারে প্রতীকী অনশন।
একই দাবিতে গতকাল সকালে গৌরনদী উপজেলার বাটাজোর বাসস্ট্যান্ডে মানববন্ধন ও সমাবেশ করে জাতীয় কৃষক সমিতি।