পান আমদানির প্রতিবাদে গৌরনদীতে মানববন্ধন

ভারত থেকে পান আমদানির প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার সকালে বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী বাসস্ট্যান্ড এলাকায় মানববন্ধন করেন গৌরনদী উপজেলার পানচাষিরা। একপর্যায়ে বিক্ষুব্ধ কয়েক শ পানচাষি মহাসড়কে পান ছিটিয়ে প্রতিবাদ জানান এবং মহাসড়ক অবরোধ করেন।
সাধারণ পানচাষিদের ব্যানারে বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন শেষে ভারতীয় পান আমদানি বন্ধে পানচাষি আন্দোলন কমিটির আহ্বায়ক আল আমিন হাওলাদারের সভাপতিত্বে সমাবেশ হয়।
চাষিদের কর্মসূচির প্রতি একাত্মতা ও সংহতি প্রকাশ করে বক্তব্য দেন পৌরসভার মেয়র মো. হারিছুর রহমান, পানচাষি অসীম কুমার, মো. লাভলু খান, এস এম জালাল সরদার, জগদীশ চন্দ্র দাস প্রমুখ।
মানববন্ধন চলাকালে বক্তারা বলেন, ভারত থেকে পান আমদানি করায় দেশীয় পানের মূল্য কমে গেছে। উৎপাদন খরচের অর্ধেক দামও না পাওয়ায় হাজার হাজার পানচাষির এখন পথে বসার উপক্রম হয়েছে। তাই দেশের পানচাষিদের রক্ষা করতে জরুরি ভিত্তিতে ভারতের পান আমদানি বন্ধ করার জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়।
একই দাবিতে আগামী মঙ্গলবার সকাল আটটায় মহাসড়কের টরকী বাসস্ট্যান্ডে কয়েক হাজার পানচাষির সমাবেশের ঘোষণা দেওয়া হয়। ওই দিন দাবি আদায়ে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।
গৌরনদী উপজেলায় দুই লাখ লোক প্রত্যক্ষ ও পরোক্ষভাবে পান চাষে সম্পৃক্ত।