পান চাষে আগ্রহ হারাচ্ছেন বরুড়ার চাষিরা
কুমিল্লার বরুড়া উপজেলার ১২ গ্রামের পানচাষিরা ভালো নেই। উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় দিনে দিনে আগ্রহ হারিয়ে ফেলছেন নতুন প্রজন্মের চাষিরা। বাপ-দাদার আমলের ঐতিহ্য ধারণ করে বর্তমানে টিকে আছেন ২৫০ জন চাষি।বরুড়া উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তা মৃণাল মজুমদার প্রথম আলোকে জানান, বরুড়া উপজেলার তলাগ্রাম, সিংগুর, আড্ডা, বেওলাইন, বেলভুজ, পুরান কাদবা, কাসেড্ডা, আজমপুর, আমড়াতলী, ভৌওড়ী, শশইয়া ও মুহিদপুর গ্রামের প্রায় ২৫০ জন চাষি পানের চাষ করছেন। বংশানুক্রমে তাঁরা ওই চাষাবাদের সঙ্গে সম্পৃক্ত। এই এলাকায় মহালনী, চালতাবটা ও গয়াসুর প্রজাতির পানের চাষ হয়ে থাকে। চলতি ২০১১-১২ অর্থবছরে ২৫ একর জমিতে পানের চাষ হয়েছে। প্রতি একরে খরচ হচ্ছে ছয় লাখ ৩৬ হাজার ৪৬০ টাকা। বীজ (কাটিং), বেড়া, চালা, খুঁটি, শণ, জৈব সার, বালাই ব্যবস্থাপনা ও শ্রমিকের মজুরি বেড়ে যাওয়ায় চাষিরা পান চাষে আগ্রহ হারিয়ে ফেলছেন।বরুড়া উপজেলা কৃষি কর্মকর্তা মো. লিয়াকত আলী মজুমদার বলেন, দিনে দিনে পানের চাষ কমে আসছে। উৎপাদন খরচ বেড়ে যাওয়া এবং উঁচু জমিগুলোতে আবাসিক এলাকা গড়ে ওঠায় ভূমির পরিমাণ কমে যাওয়াই এর কারণ। যাঁরা টিকে আছেন, তাঁরা পারিবারিক ঐতিহ্য বহন করে চলেছেন।তলাগ্রামের পানচাষি আশু ভক্ত জানান, জমির পরিচর্যা করতে মজুরি বাবদ অনেক টাকা দিতে হয়। তাই খরচও বেড়ে যায়। বরুড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান হাফিজ আহমেদ বলেন, ‘পৃষ্ঠপোষকতা পেলে পানচাষিরা লাভবান হতেন। আমরা এ ব্যাপারে করণীয় ঠিক করব।’