পানকৌড়ির ছানা জবাই জড়িতরা পালিয়েছেন
বাগেরহাট শহরের পুরোনো আদালত এলাকায় বিপন্ন প্রজাতির পানকৌড়ি পাখির ছানা ধরে জবাই করে নিয়ে যাওয়ার সময় গতকাল শনিবার এলাকাবাসীর হাতে আটক হন জেলা ও দায়রা জজ আদালতের কর্মচারী সরোজ বিশ্বাস (৪৮) ও মনি শেখ (৪০)। তবে খবর পেয়ে সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মিহির কুমার দে ঘটনাস্থলে আসার আগেই তাঁরা সটকে পড়েন।বাগেরহাটের জেলা প্রশাসকের সরকারি বাসভবন ও পার্শ্ববর্তী পুরোনো আদালত এলাকাজুড়ে এক যুগ ধরে পাখির একটি অভয়ারণ্য গড়ে উঠেছে। সেখানকার শতাধিক গাছ বিভিন্ন প্রজাতির পাখির বাসস্থান। ঘটনার প্রত্যক্ষদর্শী রিকশাচালক ও স্থানীয় বাসিন্দা আয়নাল শেখ বলেন, ‘প্রায় ১৫ দিন আগে জজকোর্টের কর্মচারীরা পুরোনো কোর্ট এলাকার বিভিন্ন নারকেলগাছ থেকে পাঁচ বস্তা নারকেল পেড়ে নেন। এখন গাছে আর পাড়ার মতো নারকেল নেই। নারকেল পাড়ার অজুহাতে তাঁরা পাখি ধরতে এসেছিলেন। এলাকাবাসী বাধা না দিলে তাঁরা আরও পাখি ধরে নিয়ে যেতেন।’পাখি জবাইকারী সরোজ বিশ্বাস দাবি করেন, বাগেরহাটের জেলা ও দায়রা জজ জি এম সালাহউদ্দিনের নির্দেশে পুরোনো আদালত চত্বরের নারকেলগাছ থেকে নারকেল সংগ্রহ ও পানকৌড়ি পাখি ধরতে এসেছিলেন তাঁরা।সরোজের সঙ্গী মনি শেখ বলেন, জজ সাহেবের অনুমতি নিয়ে তাঁদের এ কাজে পাঠান জজ আদালতের নাজির শেখ মো. জাকারিয়া। তাঁরা একটি নারকেলগাছে পাখির বাসা থেকে ১১টি ছানা ধরে সাতটিকে জবাই করেন। এ সময় এলাকাবাসী তাঁদের বাধা দেয়।দুই কর্মচারীর দাবি অস্বীকার করে জজ আদালতের নাজির শেখ মো. জাকারিয়া বলেন, ‘তাঁদের নারকেল পাড়তে পাঠানো হয়েছিল, পাখি ধরতে পাঠানো হয়নি।’সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মিহির কুমার দে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তিনি সাতটি জবাই করা, তিনটি মৃত ও একটি জীবিত পানকৌড়ি পাখির ছানা ও জবাইয়ের কাজে ব্যবহূত একটি দা উদ্ধার করেন। এ সময় জজকোর্টের ওই দুই কর্মচারী গা ঢাকা দেওয়ায় তাঁদের ধরা সম্ভব হয়নি। বিষয়টি বাগেরহাটের জেলা ও দায়রা জজ জি এম সালাহউদ্দিনকে জানানো হয়েছে। তিনি যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়ায় বন বিভাগের পক্ষ থেকে মামলা করা হয়নি।বাগেরহাটের জেলা ও দায়রা জজ জি এম সালাহউদ্দিন গতকাল মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘এ ধরনের কাজের নির্দেশ দেওয়ার প্রশ্নই ওঠে না। আমি মেরে ফেলা পাখিগুলো দেখেছি। ওই দুই কর্মচারী নিজেদের পিঠ বাঁচানোর জন্য আমার নাম ব্যবহার করেছেন। তাঁদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।’