পানখেতে পচন রোগ চাষিরা হতাশ
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার উত্তর চান্দলা গ্রামের চাষিদের অন্যতম প্রধান অর্থকরী ফসল হলো পান। এই পান একসময় এলাকার হাজারও মানুষের ভাগ্য বদলে দিয়েছিল। আশপাশের উপজেলার চাহিদা পূরণ করে এই গ্রামের পান দেশের অন্যান্য স্থানেও সরবরাহ করা হতো। কিন্তু এখন আর সেই সুখের দিন নেই। পানে পচন রোগ ধরেছে। উবে গেছে কৃষকের হাসি। পচন রোগে নষ্ট হওয়ার পথে উপজেলার বহু পানের বরজ।পানচাষিরা জানান, নানা ধরনের প্রতিষেধক দেওয়ার পরও রোধ করা যাচ্ছে না পানগাছের গোড়া পচন রোগ। পরিস্থিতি মোকাবিলায় উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগ থেকেও কোনো সহযোগিতা পাওয়া যাচ্ছে না। এ অবস্থায় ক্ষতি পোষাতে অনেকেই বাধ্য হয়ে পানের বরজ তুলে দিয়েছেন। শুরু করেছেন হলুদসহ অন্যান্য ফসলের আবাদ।গ্রামবাসী সূত্রে জানা যায়, উপজেলার উত্তর চান্দলা গ্রামে প্রায় ১৫০টি পরিবার পান চাষের ওপর নির্ভরশীল। কিন্ত এখন অনেকেই এ পেশা ছেড়ে দেওয়ার চিন্তা করছেন। পানচাষি শঙ্কর চন্দ্র পাল বলেন, তিনি ২৫ শতক জমিতে পানের বরজ করেছিলেন। বরজের প্রায় প্রতিটি সারিতে পচন ধরেছে। তিনি জানান, প্রতিবছর বর্ষা মৌসুমের শুরুতে পানগাছে পচন রোগ দেখা দেয়। গাছের গোড়ায় প্রথমে পচন ধরে, পরে তা পুরো গাছে ছড়িয়ে পড়ে। এ অবস্থায় কোনো কীটনাশকে কাজ হয় না। তিনি অভিযোগ করেন, এ ব্যাপারে পানচাষিরা উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগ থেকে কোনো সহযোগিতা পাচ্ছেন না।করিমল নামে আরেক পানচাষি বলেন, ‘পানের চাষ একটি শৌখিন আবাদ। এটি না পারে গরম সহ্য করতে, না পারে বর্ষা। আমাদের অনেকের পানের বরজ আজ ধ্বংসের প্রান্তে।’ জানতে চাইলে উপজেলা কৃষি কর্মকর্তা কবির হোসেন ভূঁইয়া প্রথম আলোকে বলেন, ‘পান বরজে আর্থিক সহযোগিতা করার মতো কোনো বরাদ্দ আমাদের নেই। আমার আগের কর্মকর্তা অন্য খাত থেকে কিছু অর্থ পানচাষিদের দিয়েছিলেন। এ বছর পানগাছে পচন ধরার বিষয়টি এখন অবহিত হলাম। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’