পানগাঁও টার্মিনাল জুনে চালু হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার কেরানীগঞ্জের পানগাঁওয়ের কনটেইনার টার্মিনালটি আগামী জুনে চালু হচ্ছে। গতকাল রোববার নৌপরিবহন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়।জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত সংসদীয় কমিটির বৈঠক শেষে প্রথম আলোকে এ তথ্য জানান কমিটির সভাপতি নূর-ই-আলম চৌধুরী। তিনি বলেন, এ টার্মিনাল চালু হলে পণ্য পরিবহনের ক্ষেত্রে একটি বৈপ্লবিক পরিবর্তন আসবে। বর্তমানে চট্টগ্রাম বন্দর থেকে পণ্য খালাসের পর ঢাকায় পৌঁছাতে কখনো কখনো এক মাস সময় লেগে যায়। টার্মিনাল চালু হলে তিন দিনের মধ্যে ঢাকায় পণ্য আনা সম্ভব হবে।বৈঠকের কার্যপত্র থেকে জানা গেছে, বাণিজ্যের প্রসার এবং চট্টগ্রাম বন্দরের কাজে গতিশীলতা বাড়াতে কেরানীগঞ্জের পানগাঁওয়ে বুড়িগঙ্গার তীরে এই নৌ-টার্মিনাল নির্মাণ করা হয়েছে। এতে ব্যয় হয়েছে ১৭৫ কোটি টাকা। ৮৮ একর জমির ওপর আধুনিক সুবিধাসহ এই কনটেইনার টার্মিনালটি চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ও অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ যৌথভাবে নির্মাণ করেছে। টার্মিনালটি পরিচালনা করবে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এটি চালু হলে বছরে এক লাখ ১৬ হাজার কনটেইনার নদীপথে পরিবহন করা যাবে।চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল নিজামউদ্দীন আহমেদ প্রথম আলোকে বলেন, পানগাঁও হবে দেশের প্রথম নৌপথভিত্তিক টার্মিনাল। এ টার্মিনালের সব অবকাঠামো প্রস্তুত। আগামী জুন মাসে এটি চালু করা যাবে বলে আশা করা যায়।বৈঠকে কমিটির সদস্য নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান, মনোরঞ্জন শীল গোপাল, গোলাম কিবরিয়া, হাবিবুন নাহার, সামশুল হক চৌধুরী, নসরুল হামিদ ও নজরুল ইসলাম এবং মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন।