পানগুছি নদীতে বার্জের ধাক্কায় নৌকাডুবি জেলে নিখোঁজ
বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার পানগুছি নদীতে পণ্যবাহী বার্জের ধাক্কায় একটি জেলেনৌকা ডুবে গেছে। গতকাল মঙ্গলবার দুপুর পৌনে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
দুর্ঘটনার পর একজন জীবিত উদ্ধার হলেও গতকাল বিকেল পর্যন্ত এক জেলে নিখোঁজ রয়েছেন।
নিখোঁজ জেলের নাম আইয়ুব আলী নিকারী (৭০)। তাঁর বাড়ি জেলার কচুয়া উপজেলার নাটাইখালী গ্রামে।
উদ্ধার হওয়া জেলের নাম মো. হাবিবুর রহমান (৬৫)। তিনি নিখোঁজ আইয়ুব আলীর ছোট ভাই। তাঁকে মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
নিখোঁজ জেলের সন্ধানে কোস্টগার্ডের পাশাপাশি তাঁর স্বজনেরা ট্রলার নিয়ে নদীতে উদ্ধার তৎপরতা চালাচ্ছেন।
কোস্টগার্ড মোরেলগঞ্জ কন্টিনজেন্ট কমান্ডার মো. ফরিদ আহমেদ বলেন, মোংলা বন্দর থেকে বৈদ্যুতিক সরঞ্জাম নিয়ে একটি বার্জ চাঁদপুর যাচ্ছিল। মোরেলগঞ্জ কুঠিবাড়ি-সংলগ্ন পানগুছি নদীতে একটি জেলেনৌকাকে ধাক্কা দেয়। এতে নৌকাটি ডুবে গেলে দুই জেলে নিখোঁজ হন। খবর পেয়ে সেখান থেকে হাবিবুর রহমান নামের এক জেলেকে উদ্ধার করে কোস্টগার্ড। তবে নৌকায় থাকা আরেক জেলে আইয়ুব আলী এখনো নিখোঁজ রয়েছেন। তাঁর সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। তিনি আরও বলেন, পণ্যবাহী বার্জকে ‘আল হেরাত’ নামে একটি নৌযান টেনে নিয়ে যাচ্ছিল। ডুবে যাওয়া মাছ ধরার ডিঙিনৌকা ও জাল উদ্ধার করা হয়েছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মোরেলগঞ্জ স্টেশনের ইনচার্জ হায়দার আলী আকন বলেন, নিখোঁজ জেলের উদ্ধারের জন্য খুলনা থানা ডুবুরি দলকে খবর দেওয়া হয়েছে।
মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মুফতি কামাল হোসেন বলেন, চিকিৎসাধীন হাবিবুর রহমান বর্তমানে আশঙ্কামুক্ত। তাঁকে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
মোরেলগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) তারক বিশ্বাস বলেন, ধাক্কা দেওয়া নৌযানটি ও তার চালককে আটকের চেষ্টা চলছে।