পানছড়ি ও দিঘীনালায় আধা বেলা অবরোধ পালিত
ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) সমর্থিত তিন সংগঠনের ডাকা আধা বেলা সড়ক অবরোধ গতকাল বুধবার পানছড়ি ও দিঘীনালা উপজেলায় শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে।
গণতান্ত্রিক যুব ফোরাম, বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ ও হিল উইমেন্স ফেডারেশন পুলিশের খোয়া যাওয়া অস্ত্র উদ্ধারের নামে নিরীহ জনসাধারণকে হয়রানি বন্ধ, তাদের সংগঠনের নেতা-কর্মীদের গ্রেপ্তার ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে এ কর্মসূচি ঘোষণা করে।
অবরোধের কারণে দুপুর ১২টা পর্যন্ত পানছড়ি ও দিঘীনালা উপজেলায় যানবাহন চলাচল করেনি। রাস্তায় পিকেটিং করতে কাউকে দেখা যায়নি।
গণতান্ত্রিক যুব ফোরাম খাগড়াছড়ি জেলা কমিটির আহ্বায়ক জিকো ত্রিপুরা, পাহাড়ি ছাত্র পরিষদের জেলা সভাপতি বিপুল চাকমা ও হিল উইমেন্স ফেডারেশনের জেলা সভাপতি মিশুক চাকমা এক বিবৃতিতে শান্তিপূর্ণ সড়ক অবরোধ পালনে সহযোগিতা করায় খাগড়াছড়ির জনসাধারণ, পরিবহনমালিক ও শ্রমিকদের ধন্যবাদ জানান।
বিবৃতিতে পুলিশের অভিযানে আটক নেতা-কর্মীদের নিঃশর্ত মুক্তির দাবি জানানো হয়।
শারদীয় দুর্গোৎসবে নিরাপত্তায় নিয়োজিত পানছড়ি থানাধীন কুড়াদিয়া ছড়া এলাকা থেকে পুলিশের একটি অস্ত্র ৪ অক্টোবর খোয়া যায়। এ অস্ত্র উদ্ধারের লক্ষ্যে পুলিশ কয়েক দিন ধরে পানছড়ি ও দিঘীনালা উপজেলায় ব্যাপক তল্লাশি অভিযান পরিচালনা করছে।