পানছড়ি বাজারের অগ্নিকাণ্ড
অগ্নিকাণ্ডে খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার পানছড়ি বাজারের অর্ধশতাধিক ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে গেছে। মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২টায় অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এতে প্রায় দুই কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন ব্যবসায়ীরা।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, বাজারের নোয়াখালী মার্কেটের একটি চায়ের দোকান থেকে আগুনের সূত্রপাত। বাজারের অধিকাংশ অবকাঠামো বাঁশ ও কাঠের হওয়ায় কিছু সময়ের মধ্যে আগুন আয়ত্তের বাইরে চলে যায়। অগ্নিকাণ্ডে ৫৫টি দোকান পুড়ে যায়। ক্ষয়ক্ষতি আনুমানিক দুই কোটি টাকা।
পানছড়ি ব্যবসায়ী সমিতির সভাপতি হেদায়েত আলী তালুকদার জানান, আসন্ন ঈদ সামনে রেখে ব্যবসায়ীরা বিভিন্ন মালামাল দোকানগুলোতে ভরে রেখেছিলেন। এ সময় অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটল। খাগড়াছড়ি ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. ইদ্রিস জানান, ‘আগুনের খবর পাওয়ার পরপরই আমরা পানছড়ির দিকে রওনা হই। খাগড়াছড়ি সদর থেকে পানছড়ি দূরে হওয়ায়, সেখানে পৌঁছার আগেই সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ স্থানীয় ব্যবসায়ী ও জনতার সাহায্যে আগুন নেভানোর কাজে নেমে পড়ে।’
সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা, পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান চাইথোয়ং মারমা ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জাহেদুল আলম বুধবার সকালে পানছড়ি বাজার পরিদর্শন করেন। এ সময় সাংসদ তাৎক্ষণিকভাবে নগদ এক লাখ ৫০ হাজার টাকা প্রদান করেন এবং ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পুনর্বাসন করার আশ্বাস দেন। জেলা প্রশাসক মো. মাসুদ করিম জানান, পানছড়ি বাজারের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত প্রত্যেক ব্যবসায়ীকে জেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ সাত হাজার টাকা এবং ৩০ কেজি চাল দেওয়ার প্রক্রিয়া চলছে।