পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের দুই যুগ পূর্তি উপলক্ষে গতকাল সোমবার রাঙামাটি ও খাগড়াছড়িতে ছাত্র জনসমাবেশ অনুষ্ঠিত হয়। খাগড়াছড়ির পানছড়ি উপজেলা সদর থেকে ১৫ কিলোমিটার দূরে সীমান্তবর্তী ধুধুকছড়া এলাকায় সকালে চাঁদের গাড়িতে চড়ে সমাবেশে যোগদানকারীদের ওপর সন্ত্রাসীরা হামলা চালায়। হামলায় দুজন গুলিবিদ্ধ হন। হামলাকারীরা ৩৬ জনকে অপহরণ করে নিয়ে যায়। পরে ১০ জনকে ছেড়ে দেওয়া হয়। এ হামলার জন্য ইউপিডিএফের পক্ষ থেকে সন্তু লারমার সন্ত্রাসীদের দায়ী করা হয়।
যুগ পূর্তি উপলক্ষে রাঙামাটি শহরের জিমনেসিয়াম চত্বরে ছাত্র জনসমাবেশে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সহসভাপতি ও আঞ্চলিক পরিষদের সদস্য ঊষাতন তালুকদার প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। তিনি আদিবাসীদের নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রামের তিনটি রাজনৈতিক দলের সংঘাতের কথা উল্লেখ করে বলেন, ইউপিডিএফ যদি তাদের অস্ত্র কর্তৃপক্ষের কাছে জমা দেয়, তাহলে এ সংঘাতের সমাধান হতে পারে। তা না হলে ভবিষ্যতে যেকোনো পরিণতির জন্য তারাই দায়ী থাকবে বলে হুঁশিয়ারি দেন।
পাহাড়ি ছাত্র পরিষদের সভাপতি ত্রিজিনাদ চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চট্টগ্রাম বিশ্ববিদালয়ের সমাজবিজ্ঞান অনুষদের ডিন মো. হোসাইন কবীর। সমাবেশে আরও বক্তব্য দেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক শান্তুনু মজুমদার, দৈনিক সমকাল-এর ব্যবস্থাপনা সম্পাদক আবু সাঈদ খান, ছাত্রমৈত্রীর সাধারণ সম্পাদক তানভীর উসমত, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মঞ্জুর মইনসহ পার্বত্য চট্টগ্রাম মহিলা সমিতি, পাহাড়ি ছাত্র পরিষদ ও হিল উইমেন্স ফেডারেশনের নেতারা।
এদিকে দুই যুগ পূর্তি উপলক্ষে খাগড়াছড়িতে আয়োজিত সমাবেশে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) কেন্দ্রীয় সভাপতি প্রসিত খীসা বলেছেন, পার্বত্য চট্টগ্রামের মালিক এ এলাকার জনগণ। সরকারি নিয়োগকৃত কর্মকর্তারা এর মালিক নন। খাগড়াছড়ি সদরের নারানখিয়ার সড়ক ও জনপথ মাঠে গতকাল সমাবেশে এ কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন ইউপিডিএফের কেন্দ্রীয় সদস্য উজ্জ্বল সঞ্চৃতি চাকমা, সচিব চাকমা, প্রদীপন খীসা, গণতান্ত্রিক যুব ফোরামের সভাপতি নতুন কুমার চাকমা, হিল উইমেন্স ফেডারেশনের সভানেত্রী কণিকা দেওয়ান, গণমুক্তি কাউন্সিলের সাধারণ সম্পাদক ফয়জুল হাকিম, জাতীয় গণফ্রন্টের সভাপতি টিপু বিশ্বাস, বিপ্লবী ছাত্রমৈত্রীর সভাপতি সালমান রহমান, থুইক্য চিং মারমা প্রমুখ।
এর আগে সকালে পানছড়ি উপজেলা সদর থেকে ১৫ কিলোমিটার দূরে ধুধুকছড়া এলাকায় সমাবেশে যোগ দেওয়ার পথে সশস্ত্র সন্ত্রাসীরা একটি চাঁদের গাড়িতে হামলা চালায়। হামলায় দুজন গুলিবিদ্ধ হন। তাঁদের খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। তাঁরা হলেন সমাজ চাকমা (২০) ও অনুরাগ চাকমা (২৭)। হামলাকারীরা ৩৬ জনকে অপহরণ করে নিয়ে যায়। পরে বৃদ্ধ নারী ও শিশুসহ ১০ জনকে ছেড়ে দেওয়া হয়। এ হামলার জন্য ইউপিডিএফের পক্ষ থেকে সন্তু লারমার সশস্ত্র সন্ত্রাসীদের দায়ী করা হয়।