পানছড়ির ইউএনওর বিরুদ্ধে ১৫ কর্মকর্তার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ির পানছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদ হোসেন ছিদ্দিকের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম-দুর্নীতির অভিযোগ এনে জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ করেছেন উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের ১৫ জন কর্মকর্তা। জেলা প্রশাসক অভিযোগ তদন্তের দায়িত্ব দিয়েছেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ টি এম কাউছার হোসেনকে।
এদিকে গত ৮ মার্চ উপজেলা প্রশাসনের দুজন কর্মকর্তার ওপর হামলার ঘটনার পর উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের মাঝে আতঙ্ক বিরাজ করছে। গত বৃহস্পতিবার জীবনের নিরাপত্তা চেয়ে আটজন কর্মকর্তা থানায় আবেদন করেছেন।
গত ৩১ ডিসেম্বর পানছড়ি উপজেলার ১৫ জন কর্মকর্তা ইউএনওর বিরুদ্ধে জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ করেন। অভিযোগে বলা হয়, ইউএনওর হয়রানির কারণে পানছড়ি উপজেলায় প্রশাসনিক কার্যক্রমে স্থবিরতা দেখা দিয়েছে।
এ ছাড়া গত ১৩ মার্চ ‘পানছড়িবাসীর’ পক্ষ থেকে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার বরাবর ইউএনওর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ করা হয়।
গত বৃহস্পতিবার নাম প্রকাশে অনিচ্ছুক পানছড়ির বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা বলেন, তাঁরা পানছড়ি উপজেলায় প্রশাসনিক দায়িত্ব পালনে আতঙ্কবোধ করছেন। গত ৮ মার্চ উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা দেবাশীষ খীসা ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শাহজাহান মিয়ার ওপর উপজেলা কমপ্লেক্সের সামনে সন্ত্রাসী হামলা হয়েছে। ৯ মার্চ এ হামলার বিচার দাবিতে মানববন্ধন করেন সব কর্মকর্তা। কিন্তু ইউএনও তাঁদের কোনো সহযোগিতা করেননি। তাঁরা মনে করছেন, তাঁর (ইউএনও) বিরুদ্ধে অভিযোগ দেওয়ার কারণেই এ হামলার ঘটনা ঘটেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তারা আরও বলেন, তাঁদের অভিযোগ তদন্তের জন্য ১৯ জানুয়ারি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এসে ইউএনও কার্যালয়ে তাঁদের সাক্ষ্য নিয়েছেন। কিন্তু তিনি চলে যাওয়ার পর বিকেলে ইউএনও ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে মোটর যান আইনে দুই হাজার টাকা জরিমানা করেন। কর্মকর্তাদের ওপর যা ঘটছে, তাতে ইউএনওর ইন্ধন আছে বলে তাঁরা মনে করছেন।
উপজেলা মৎস্য কর্মকর্তা প্রিয় কান্তি চাকমা, সমবায় কর্মকর্তা রত্ন কান্তি রোয়াজা, পল্লী উন্নয়ন কর্মকর্তা বাবুল হোসেন, কৃষি কর্মকর্তা মো. আলাউদ্দিন শেখ, পরিবার পরিকল্পনা কর্মকর্তা সোহাগময় চাকমা এবং প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আনোয়ারুল ইসলাম বলেন, তাঁরা পানছড়িতে আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। কখন কার ওপর হামলা হয়, এ শঙ্কায় আছেন তাঁরা। তাঁরা ইউএনরও বিরুদ্ধে লিখিত যে অভিযোগ দিয়েছেন, তার সবই সত্য। তাঁরা জীবনের নিরাপত্তা চেয়ে থানায় লিখিত আবেদন করেছেন। কিন্তু থানা থেকে বলা হয়েছে, ওসির নির্দেশ, এখন সাধারণ ডায়েরি (জিডি) নেওয়া হবে না।
এ প্রসঙ্গে গত বৃহস্পতিবার পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল জব্বার বলেন, ‘আমি অনেক দূরে একটা সভায় আছি। কর্মকর্তাদের জিডি কেন নেব না? অবশ্যই নেব। আমি সভা থেকে এসে এ বিষয়ে সিদ্ধান্ত নেব।’ তবে গতকাল শুক্রবার সন্ধ্যা পর্যন্ত আবেদনটি জিডি হিসেবে গ্রহণ করা হয়নি।
এ বিষয়ে জানতে চাইলে ইউএনও জাহিদ হোসেন ছিদ্দিক সব অভিযোগ অস্বীকার করে প্রথম আলোকে বলেন, ‘আমার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। কিছু জনপ্রতিনিধির অবৈধ আবদার রক্ষা করতে না পারার কারণে উপজেলার ১৬ কর্মকর্তাকে নিয়ে একটি কুচক্রী মহল জেলা প্রশাসকের বরাবর মিথ্যা অভিযোগ করেছে।’
তদন্ত সম্পর্কে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ টি এম কাউছার হোসেন বলেন, ‘আমি কর্মকর্তাদের বক্তব্য নিয়েছি। আমার মনে হয়েছে ইউএনওর সঙ্গে অন্যান্য দপ্তরের কর্মকর্তাদের সমন্বয়ের অভাব আছে। তদন্ত নিরপেক্ষভাবে চলছে। আমি মাঝে প্রশিক্ষণে থাকায় তদন্তে একটু দেরি হয়েছে। আশা করছি জেলা প্রশাসক মহোদয়ের কাছে খুব শিগগিরই তদন্ত প্রতিবেদন জমা দিতে পারব।’