পানছড়িতে অপহৃত দুজনকে উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ির পানছড়ির তালতলা থেকে অপহৃত দুই ব্যক্তিকে গতকাল সোমবার উদ্ধার করা হয়েছে। তবে তাঁদের কীভাবে উদ্ধার করা হয়েছে, তা বলতে রাজি হয়নি পুলিশ।
ঢাকার আল-ফালাহ ট্রেডিং করপোরেশন পানছড়ি বাজার থেকে মরাটিলা পর্যন্ত সড়ক নির্মাণের কাজ করছে। কাজ শুরুর পর সন্ত্রাসীরা প্রতিষ্ঠানটির কাছে চাঁদা দাবি করে আসছিল। ১৪ ফেব্রুয়ারি তালতলা এলাকা থেকে অজ্ঞাতনামা সন্ত্রাসীরা প্রতিষ্ঠানের কর্মকর্তা সাইফুদ্দিন শাহিন গাজী (৩৫) ও শ্রমিকসর্দার মো. রুহুল আমিনকে (৫০) অপহরণ করে নিয়ে যায়।
খাগড়াছড়ির পুলিশ সুপার মজিদ আলী বলেন, ‘বিভিন্ন মাধ্যমে অপহরণকারীদের ওপর চাপ সৃষ্টির পর অপহৃত ব্যক্তিদের পেয়েছি। সোমবার (গতকাল) বেলা তিনটায় পানছড়ি এলাকায় অপহরণকারীরা তাঁদের ছেড়ে দেয়।’ পানছড়ির কোন এলাকা থেকে তাঁদের উদ্ধার করা হয়েছে? জানতে চাইলে পুলিশ সুপার বলেন, ‘তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বলা যাবে না। তবে তাঁদের ফিরে পাওয়া বড় সফলতা।’
গতকাল বিকেলে খাগড়াছড়ি সার্কিট হাউসে গিয়ে দেখা যায়, সাইফুদ্দিন ও রুহুল আমিনকে পুলিশের সহযোগিতায় চিকিৎসার জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে নেওয়া হচ্ছে। এ সময় তাঁরা বলেন, অপহরণের পর তাঁদের মারধর করা হয়নি। ঠিকমতো খাবার দেওয়া হয়েছে। তবে পাহাড়ের মধ্যে হাঁটায় তাঁদের পায়ে প্রচণ্ড ব্যথা। এটুকু বলে আর কিছুই বলতে রাজি হননি তাঁরা। অপহৃত ব্যক্তিরা বলেন, সুস্থ হয়ে তাঁরা এ ব্যাপারে সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন।
পরে খাগড়াছড়ি সদর হাসপাতালে গিয়ে সাইফুদ্দিন ও রুহুল আমিনের সঙ্গে কথা বলতে চাইলে জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার রইছ উদ্দিন বলেন, ‘তাঁরা খুব অসুস্থ। তাঁদের স্যালাইন দেওয়া হয়েছে। এই মুহূর্তে তাঁদের সঙ্গে কথা বলা যাবে না।’
পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল জব্বার বলেন, ‘অপহৃত ব্যক্তিরা কীভাবে উদ্ধার হয়েছেন, তা বলা যাবে না। তবে অপহরণের সঙ্গে জড়িত থাকার সন্দেহে ২০ ফেব্রুয়ারি পানছড়ির কলোনিপাড়া থেকে সুকুমার রঞ্জন দেব (৩৮) নামের একজন ঠিকাদারকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আর কিছু বলা যাবে না।’
আল-ফালাহ ট্রেডিং করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক নাছির মল্লিক বলেন, ‘অপহৃত দুজন মুক্তি পেয়েছেন, এটুকু জানি। কোনো মুক্তিপণ দেওয়া হয়েছে কি না, তা আমার জানা নেই।’