পানছড়িতে আদিবাসীর বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার উল্টাছড়ি ইউনিয়নের পায়ংপাড়ায় গত বৃহস্পতিবার রাত সাড়ে নয়টায় এক আদিবাসীর বাড়ি পুড়িয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক হলেন কমল সিং ত্রিপুরা। কয়েক মাস আগে তিনি ওই জায়গায় ফলদ বাগান সৃজন ও বাড়ি নির্মাণ করেন। বাড়ি পুড়িয়ে দেওয়ার কথা নিশ্চিত করে উল্টাছড়ি ইউনিয়নের চেয়ারম্যান সুব্রত চাকমা জানান, খবর শুনে তিনি ঘটনাস্থলে যান। কমল সিং ত্রিপুরা তাঁর (চেয়ারম্যানের) কাছে অভিযোগ করেছেন, ওই জায়গায় বাগান সৃজন ও বাড়ি নির্মাণ করায় তাঁকে একই উপজেলার রসুলপুর গ্রামের মো. মানিক মিয়া ও আনোয়ার (আতিক) নামে দুই ব্যক্তি হুমকি দিয়েছিলেন। কিছুদিন আগে তাঁরা বাগানে লাগানো ফলদ চারার ক্ষতি করে। এবার বাড়িটি পুড়িয়ে দিল। পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর পিপিএম বলেন, ঘটনার ব্যাপারে কেউ থানায় এসে অভিযোগ করেনি।