আদিবাসীদের ঐতিহ্যবাহী ‘বৈসাবি’ উৎসব উদ্যাপন উপলক্ষে খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় চার দিনব্যাপী অনুষ্ঠানের প্রস্তুতি নেওয়া হয়েছে। উপজেলার কলেজ গেট এলাকার মহামুনি বৌদ্ধমন্দির মাঠে এ উৎসব উপলক্ষে মেলা বসবে। সেখানে স্থাপন করা হচ্ছে ঐতিহাসিক মাচাং ঘর। বিঝু উৎসব উদ্যাপন কমিটির সাধারণ সম্পাদক অমর চাকমা বলেন, উৎসব আগামী সোমবার শুরু হয়ে বৃহস্পতিবার পর্যন্ত চলবে। এ ছাড়া বৃহস্পতিবার ফুল বিঝু, শুক্রবার মূল বিঝু এবং পরদিন শনিবার গজ্যে পোজ্যে বিঝু উদ্যাপন করা হবে। বৈসাবি মেলায় থাকবে চাকমা সম্প্রদায়ের গেংকুলি (পালাগান) গীত, মার্মা সমপ্রদায়ের পানিখেলা, বলিখেলাসহ বিভিন্ন আয়োজন। প্রথম দিন সকাল থেকে দুই দিনব্যাপী খেলাধুলা শুরু হবে। ফুল বিঝুর দিন সকালে বৈসাবি শোভাযাত্রা হবে। মূল বিঝুর দিনে স্থানীয় শিল্পীরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করবেন। বৈসাবি মেলা উদ্যাপন উপলক্ষে ৩৭ সদস্যের একটি কমিটি গঠিত হয়েছে। এতে আহ্বায়ক করা হয়েছে প্রিয়ংকর চাকমা এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন অমর চাকমা। এ ছাড়া ২৬ সদস্যের একটি উপদেষ্টা কমিটির প্রধান উপদেষ্টার দায়িত্ব পেয়েছেন যতীন্দ্র লাল ত্রিপুরা। উপজেলা পরিষদের চেয়ারম্যান সর্বোত্তম চাকমার উদ্যোগে গত ১৬ মার্চ ওই দুটি কমিটি গঠন করা হয়।