পানছড়িতে দুর্বৃত্তদের গুলিতে জনসংহতি সমিতির নেতা খুন
খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলায় গত শনিবার রাতে দুর্বৃত্তদের গুলিতে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (এম এন লারমা) এক নেতা খুন হয়েছেন। ওই নেতার নাম সুপন চাকমা ওরফে সাগর বাশা (৪০)।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সুপন জনসংহতি সমিতির (এম এন লারমা) পানিছড়ি উপজেলার সাধারণ সম্পাদক ছিলেন। শনিবার সন্ধ্যার পর তিনি বাড়ির পাশে হাসপাতালের একটি জায়গায় মোটরসাইকেল রেখে বাড়িতে যাওয়ার পথে দুর্বৃত্তরা তাঁর ওপর হামলা চালায়। দুর্বৃত্তদের গুলিতে তিনি গুরুতর আহত হন। আশপাশের লোকজন তাঁকে দ্রুত পানছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে জেলা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।জেলা সদর হাসপাতালে ময়নাতদন্ত শেষে গতকাল রোববার সকালে পরিবারের সদস্যদের কাছে সুপনের লাশ হস্তান্তর করা হয়। বিকেলে পানছড়িতে অন্ত্যেষ্টিক্রিয়া হয়।জনসংহতি সমিতির (এম এন লারমা) পক্ষ থেকে এই হত্যাকাণ্ডের জন্য সন্তু লারমার নেতৃত্বাধীন জনসংহতি সমিতিকে দায়ী করা হয়েছে। পানছড়ি থানার ওসি মোহাম্মদ আলমগীর জানান, সুপন হত্যাকাণ্ডের ঘটনায় এখনো কেউ মামলা করেনি।