পানছড়িতে পুকুরে ডুবে দুই সহপাঠীর মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খাগড়াছড়ির পানছড়ি উপজেলার লতিবান এলাকায় গতকাল রোববার বিকেলে পুকুরে ডুবে দুই সহপাঠীর মৃত্যু হয়েছে। তারা হলো জুনান চাকমা (১৪) ও ফুটন্ত তালুকদার (১৪)। নিহত ছাত্রদের পারিবারিক সূত্র জানায়, জুনান ও ফুটন্তের বাবা যথাক্রমে মুকুল জ্যোতি চাকমা ও অমিতাভ তালুকদার। জুনান ও ফুটন্ত পানছড়ি উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র। তারা একই এলাকায় থাকত। গতকাল বেলা সাড়ে তিনটার দিকে পাশের পুকুরে মাছ ধরতে গিয়ে তারা ডুবে যায়। আশপাশের লোকজন মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নারায়ণ চন্দ্র দাশ তাদের মৃত ঘোষণা করেন। জুনান ও ফুটন্তের মৃত্যুর খবরে পুরো এলাকাসহ পানছড়ি উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকদের মাঝে শোকের ছায়া নেমে আসে।