পানছড়িতে মা ও শিশুসন্তান খুন
খাগড়াছড়ির পানছড়িতে বিতরানী ত্রিপুরা (৩৫) নামের এক নারী ও তাঁর শিশুসন্তান মনজয় ত্রিপুরাকে (৩) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার সকালে লতিবান ইউনিয়নের রহিন্দ্র কার্বারিপাড়ায় এ ঘটনা ঘটে।পানছড়ি থানার পুলিশ জানিয়েছে, সকাল সাতটার দিকে বিতরানীর স্বামী কর্ক রঞ্জন ত্রিপুরা তাঁদের বড় মেয়ে ধনজয় ত্রিপুরাকে সঙ্গে নিয়ে ঘর থেকে বের হন। ধনজয় সকাল সাড়ে আটটায় বাড়িতে ফিরে তার মা ও ছোট ভাইকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে। ধনজয় জুমে কাজ করতে থাকা তার পিতাকে খবর দেয়। পরে গৃহকর্তা কর্ক রঞ্জন ত্রিপুরা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুজনের লাশ উদ্ধার করে।পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহাবুদ্দিন জানান, পরিবারের লোকজন ও প্রতিবেশীদের বক্তব্য অনুযায়ী সকাল সাত থেকে সাড়ে আটটার মধ্যে এ ঘটনা ঘটেছে বলে তাঁরা ধারণা করছেন। ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ বিকাশ ত্রিপুরা নামে একজনকে আটক করেছে। গতকাল সন্ধ্যায় মামলার প্রস্তুতি চলছিল।