পানছড়িতে সড়ক অবরোধের ডাক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় আদিবাসী-বাঙালি সাম্প্রদায়িক দাঙ্গা বাধানোর চক্রান্তকারীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে আজ রোববার থেকে অনির্দিষ্টকালের জন্য সড়ক অবরোধ ও পানছড়ি বাজার বর্জনের ডাক দেওয়া হয়েছে। গতকাল শনিবার বিকেল সাড়ে চারটায় পানছড়ি আদিবাসী সচেতন নাগরিক সমাজের একটি বিক্ষোভ মিছিল শেষে এ কর্মসূচি ঘোষণা করা হয়।আদিবাসী সচেতন নাগরিক সমাজের একটি মিছিল পানছড়ি কলেজ গেট এলাকা থেকে শুরু হয়ে পানছড়ি জিরো পয়েন্টে গিয়ে শেষ হয়। মিছিল-পরবর্তী এক সংক্ষিপ্ত সমাবেশে নাগরিক সমাজের পক্ষে কর্মসূচি ঘোষণা করেন শান্তি জীবন চাকমা। সমাবেশ থেকে পানছড়িতে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির চক্রান্তকারীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানানো হয়।গত বুধবার রাতে একটি জিপ (চাঁদেরগাড়ি) চালক ও গাড়ির সহকারীর (হেলপার) ব্যক্তিগত বিরোধের জের ধরে গাড়ির সহকারী চালককে কুপিয়ে মারাত্মক জখম করে। ঘটনাটি ভিন্ন খাতে প্রবাহিত করে ও গুজব রটিয়ে পানছড়ি বাজারে চিহ্নিত কয়েক ব্যক্তি আদিবাসীদের বিরুদ্ধে উসকানিমূলক স্লোগান দিয়ে বিক্ষোভ মিছিল করে। একপর্যায়ে তারা আদিবাসী অধ্যুষিত পানছড়ি টিঅ্যান্ডটি এলাকায় প্রবেশের চেষ্টা চালায়। পরে তারা পানছড়ি বাজারে উপজাতীয় সাংস্কৃতিক সংঘের কার্যালয় ভাঙচুর করে। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় গত শুক্রবার স্থানীয় বাসিন্দা প্রিয়ঙ্কর চাকমা বাদী হয়ে পাঁচজনের নাম উল্লেখসহ আরও ১৫০ জনের বিরুদ্ধে থানায় মামলা করেন। এ মামলার পরিপ্রেক্ষিতে পুলিশ ইতিমধ্যে এক নম্বর আসামি সাদ্দাম হোসেনকে (২৪) গ্রেপ্তার করেছে।নাগরিক সমাজের কর্মসূচি ঘোষণার বিষয়টি নিশ্চিত করে পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন সন্ধ্যা ছয়টায় প্রথম আলোকে জানান, ‘আমরা নাগরিক সমাজের প্রতিনিধিসহ গণ্যমান্য বক্তিদের নিয়ে আলোচনায় বসছি, যাতে ঘোষিত কর্মসূচি প্রত্যাহার করা হয়।’