পানছড়ির ৭২ সাঁওতাল পরিবারে দুর্দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার তিনটি গ্রামের ৭২টি সাঁওতাল পরিবারে দুর্দিন চলছে। প্রতিটি পরিবারে গড়ে তিন-চারজন সদস্য রয়েছে। খেয়ে না-খেয়ে কোনো রকমে বেঁচে আছে তারা। আধুনিক সুযোগ-সুবিধা তো দূরে থাক, সরকারি সাহায্য-সহযোগিতা থেকেও বঞ্চিত তারা।রাজশাহী, দিনাজপুর, রংপুর ও সিলেট অঞ্চলে সাঁওতালদের বিরাট একটি অংশ বাস করলেও পানছড়ির মঙ্গল সাঁওতাল কার্বারিপাড়ায় ১৮টি পরিবার, কানুংগোপাড়ার গুণ সাঁওতাল কার্বারিপাড়ায় ৩৬টি, লোগাং ইউনিয়নের রামদাস সাঁওতাল কার্বারিপাড়ায় ১৮টি পরিবার যুগ যুগ ধরে বাস করছে। সহজ-সরল নিরীহ প্রকৃতির এই আদিবাসীদের খোঁজ কেউ রাখে না।উপজেলা সদরের এক থেকে তিন কিলোমিটারে মধ্যে গ্রাম তিনটি অবস্থিত। সম্প্রতি মঙ্গল ও গুণ সাঁওতাল কার্বারিপাড়ায় সরেজমিনে দেখা গেছে, এখানে স্বাস্থ্যসমঞ্চত শৌচাগার নেই। বিশুদ্ধ পানীয়জলের জন্য নেই কোন নলকূপ। কুয়া বা ঝরনার পানি পান করে তারা। অসুখ হলে স্থানীয় বৈদ্য ও কবিরাজই একমাত্র ভরসা তাদের। পাড়ার কয়েকজন বাসিন্দা জানায়, সর্দারের হুকুমেই চলে তাদের আইন-কানুন। গ্রামের সব আচার-বিচার সর্দারই করে থাকেন। থানা-পুলিশ ও আদালতের শরণাপন্ন হতে হয় না তাদের।পানছড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান অসেতু বিকাশ চাকমা বলেন, গত বছর সব সাঁওতাল পরিবারকে ভিজিএফ দেওয়া হয়েছে। ভবিষ্যতেও তাদেরকে বিধবাভাতা, বৃদ্ধভাতা, প্রতিবন্ধী ভাতা, ভিজিডিসহ বিভিন্ন সুযোগ-সুবিধা দেওয়া হবে। পানছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মফিদুল আলম প্রথম আলোকে বলেন, অবহেলিত সাঁওতাল সম্প্রদায়ের বিশুদ্ধ পানির জন্য নলকূপ, গ্রামে স্বাস্থ্যসমঞ্চত শৌচাগারসহ স্থায়ী আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে পদক্ষেপ নেওয়া হবে।