পানজুমের প্রাণ সংহার
পানগাছের পাতাগুলো কেমন যেন নুয়ে পড়েছে। কড়া রোদে এমন অবস্থা হয়েছে মনে করা হচ্ছিল। কিন্তু দিন শেষেও অবস্থার কোনো পরিবর্তন না হওয়ায় দেখা গেল পানগাছের গোড়া কাটা। এভাবে শুধু একটি-দুটি নয়, সিলেটের জৈন্তাপুর উপজেলার নৃতাত্ত্বিক জনগোষ্ঠী পাত্র-অধ্যুষিত ভিতরগুল গ্রামের মলয় লতুবের পানজুমে পাঁচ শতাধিক পানগাছের গোড়া কেটে দিয়েছে দুর্বৃত্তরা। গত শনিবার সন্ধ্যার দিকে গুনে গুনে ৫১৯টি পানগাছ নিচের দিকে কাটা দেখতে পেয়ে পানজুমে বসেই আহাজারি করছিলেন মলয়।
মলয়ের পানজুম জৈন্তাপুর উপজেলার গোয়াবাড়ি এলাকায়। পাহাড়, বন ঝোপঝাড়বেষ্টিত হওয়ায় ওই এলাকা ভিতরগুল নামে পরিচিত। মলয় জানান, প্রায় ২০ বছর ধরে পানজুম করছেন। পান পরিণত হওয়ার সময় গোড়া কেটে দেওয়ায় অপূরণীয় ক্ষতির মুখে পড়েছেন তিনি। মলয় বলেন, ‘পান কাটি সাফ করি দিলেও আমার দুঃখ হইত না। কিন্তুক গাছের সর্বনাশ করা আমি মানতে পারতেছি না। পান না, আমার প্রাণটারই ক্ষতি করি দিল!’
খবর পেয়ে নিজপাট ইউপির সদস্য আবদুল হালিম পানজুম পরিদর্শন করে এসেছেন। পাঁচ শতাধিক গাছের গোড়া কাটা হয়েছে বলে জানান তিনি। ইউপি সদস্য বলেন, যেসব গাছের গোড়া কাটা হয়েছে, সবগুলো পরিণত। এতে ধারণা করা হচ্ছে, শত্রুতাবশত এটি করা হয়েছে।
জৈন্তাপুর থানার ওসি সফিউল কবির বলেন, পুলিশকে কেউ কিছু জানায়নি।