পটুয়াখালীর গলাচিপা উপজেলার পানপট্টি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনী ফলাফলপত্র পরীক্ষা করে প্রতিবেদন দেওয়ার জন্য জেলা নির্বাচন কর্মকর্তাকে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের সহকারী সচিব (নির্বাচন-৩) মো. রফিকুল ইসলামের ২০ এপ্রিল স্বাক্ষরিত চিঠিতে এ নির্দেশ দেওয়া হয়। ওই চিঠিতে উল্লেখ করা হয়, রিটার্নিং কর্মকর্তা ও প্রিসাইডিং কর্মকর্তার পাঠানো তথ্য পর্যালোচনা করে দেখা গেছে, পানপট্টি ইউপির চেয়ারম্যান পদপ্রার্থীদের মোট ভোট গৃহীত হয়েছে সাত হাজার ৮২৩টি (১৫৬টি অবৈধ ভোটসহ)। সংরক্ষিত প্রার্থীদের মোট গৃহীত ভোট দুই হাজার ৬৯২টি উল্লেখ রয়েছে। এ ছাড়া ২ নম্বর কেন্দ্রে (পানপট্টি মাধ্যমিক বিদ্যালয়) চেয়ারম্যান ও সংরক্ষিত ওয়ার্ডের সদস্যদের মোট গৃহীত ভোট এক হাজার ৮৭টি কিন্তু সাধারণ ওয়ার্ডের সদস্যদের গৃহীত ভোট এক হাজার ৮০টি দেখানো হয়েছে। ওই ইউপির নির্বাচনের ফলাফলপত্র নির্বাচন কমিশনে পাঠানোর ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রিসাইডিং এবং রিটার্নিং কর্মকর্তা বিধি অনুসারে কমিশনের নির্ধারিত ফরমে পাঠাননি।২ এপ্রিল পানপট্টি ইউপির নির্বাচন হয়। ওই ইউনিয়নের ভোট গণনায় অনিয়ম হয়েছে বলে ৫ এপ্রিল চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতাকারী মো. সামসুজ্জামান পটুয়াখালী জেলা নির্বাচন কর্মকর্তাসহ নির্বাচন কমিশনে অভিযোগ করেন।