একদিন হয়তো প্রত্যন্ত পানপুঞ্জির এই শিক্ষাপ্রতিষ্ঠান থেকেই আলোকিত মানুষ বেরিয়ে আসবে; যারা দেশ পরিচালনা করবে, দেশকে আলোকিত করবে। শুধু আদিবাসী নয়, শিক্ষা ছাড়া কোনো জাতি-গোষ্ঠীর পক্ষেই এগিয়ে যাওয়া সম্ভব নয়। গতকাল বৃহস্পতিবার মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বরমচাল ইউনিয়নের সিংগুর পানপুঞ্জির সিংগুরপুঞ্জি এইচ আর ডি পি প্রিপারেটরি প্রাথমিক বিদ্যালয়ের মিড ডে হট মিল (বিনা মূল্যে দুপুরের খাবার বিতরণ কার্যক্রম) চালুর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।বিদ্যালয়টিতে মিড ডে হট মিল চালু করেছে সিংগুরপুঞ্জি বান ইয়া ট্রেইলাং আদিবাসী মহিলা সংগঠন। খাসি (খাসিয়া) ভাষায় বান ইয়া ট্রেইলাংয়ের অর্থ হচ্ছে ঐক্যবদ্ধভাবে কাজ করা। ওই প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি দ্রিকসন মানারের সভাপতিত্বে ও বান ইয়া ট্রেইলাংয়ের সভানেত্রী ববিতা ডিওয়ের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. কামরুল হাসান, বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শামছুল ইসলাম ও উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. শরিফ উল ইসলাম। অন্যদের মধ্যে বক্তব্য দেন সিংগুর পানপুঞ্জির মন্ত্রী (পুঞ্জিপ্রধান) জামিলদার, বান ইয়া ট্রেইলাংয়ের সাধারণ সম্পাদিকা মিলি মাচিয়াং, বরমচাল ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য মোক্তার হোসেন প্রমুখ।মিলি মাচিয়াং বলেন, ‘নারীর উন্নয়ন, নারীর ক্ষমতায়ন, বৈষম্য দূরীকরণ, নারীর সচেতনতা ও কর্মসংস্থান সৃষ্টির জন্য আমরা সংগঠন করেছি। কারণ, আমরা আদিবাসী নারীরা এখনো অনেক পিছিয়ে আছি।’ মন্ত্রী জামিলদার বলেন, ‘এক বাগানে অনেক ধরনের ফুল থাকলে ভালো লাগে। আমাদের একটা স্কুল আছে। সেই স্কুলে সবাইকে মিলাতে পারি না। আমরা এই স্কুলটাকে বড় করতে চাই।’ মো. কামরুল হাসান তাঁর বক্তব্যে বিদ্যালয়টিকে সরকারীকরণ এবং যাতায়াত সমস্যার সমাধানের উদ্যোগ নেবেন বলে পুঞ্জিবাসীদের আশ্বাস দেন। ববিতা ডিও বলেন, ‘আমরা আপাতত মাসে এক বেলা মিড ডে মিল দেব। পরে আরও বাড়ানো হবে।’ পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে আদিবাসী খাসি ভাষায় সংগীত পরিবেশন করেন জ্যোৎস্না সুপু। একক ও দ্বৈত নৃত্য পরিবেশন করেন জেনিফা ডিও, দারিবুরম রুবিন ও বনিতা পলং। আবৃত্তি করেন ইমন চিদাম।