পানবরজ ও আখখেত পুড়ে ছাই, কোটি টাকার ক্ষয়ক্ষতি
একজনের কাছ থেকে ইজারা নিয়ে ১০ কাঠা জমিতে পানের বরজ করেছিলেন শিপন বিশ্বাস। এই বরজ থেকে সংগ্রহ করা পান বিক্রি করে সংসার চালাতেন তিনি। গত বুধবার অগ্নিকাণ্ডে সেই বরজ পুড়ে যাওয়ায় তিনি এখন নিঃস্ব। ওই দিন শিপন বিশ্বাসের মতো আরও ২৫ বিঘা জমির ৩০-৩৫টি পানের বরজ এবং দুটি আখখেত পুড়ে গেছে। ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার দুলালমুন্দিয়া গ্রামে এ ঘটনা ঘটেছে। এতে প্রায় এক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত কৃষকেরা দাবি করেছেন। ক্ষতিগ্রস্ত কৃষকেরা গতকাল বৃহস্পতিবার দুলালমুন্দিয়া বাজারে সংবাদ সম্মেলন করে সরকারের কাছে তাঁদের সহযোগিতা করার দাবি জানিয়েছেন। ক্ষতিগ্রস্ত কৃষকেরা জানান, দুলালমুন্দিয়া গ্রামের মাঠে অনেক পানের বরজ আছে। গত বুধবার দুপুর একটার দিকে মিজানুর রহমানের আখখেতে প্রথমে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে আবদুস সাত্তার, আবদুল মালেক, আক্কাচ আলী, শরিফুল ইসলাম, সাহেব আলী, আবদুর রাজ্জাক, রইচ উদ্দিন, মহসিন আলী, দেলবার হোসেন, আকবার হোসেন, হায়দার আলীসহ ১৫-১৬ জন কৃষকের প্রায় ২৫ বিঘা জমির আখ ও পান পুড়ে যায়। খবর পেয়ে ঝিনাইদহ থেকে ফায়ার সার্ভিসের অগ্নিনির্বাপণ দলের সদস্যরা ঘটনাস্থলে এসে বেলা দুইটায় আগুন নিয়ন্ত্রণে আনেন। বিড়ির আগুন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে। ক্ষতিগ্রস্ত কৃষক আক্কাচ আলী জানান, প্রায়ই তাঁদের এলাকায় পানের বরজে আগুন লাগার ঘটনা ঘটে। কোনো চক্র উদ্দেশ্যপ্রণোদিত হয়ে এ ধরনের নাশকতামূলক ঘটনা ঘটাচ্ছে কি না তা খতিয়ে দেখা উচিত। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফারুক হোসেন জানান, তাৎক্ষণিকভাবে ক্ষতির পরিমাণ নির্ধারণ করা সম্ভব হয়নি।