পানাম নগর রক্ষার দাবি
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ঐতিহাসিক পানাম নগরের বিভিন্ন স্থাপনা প্রভাবশালীরা বিক্রি করে দেওয়ার পাঁয়তারা করছে বলে অভিযোগ পাওয়া গেছে। পানাম নগরের স্থাপনা রক্ষা ও বিভিন্ন ভবন সংস্কারের দাবিতে গতকাল বৃহস্পতিবার পানাম নগরে নাগরিক সমাবেশ ও মানববন্ধন করেছে সোনারগাঁ নাগরিক কমিটি। নাগরিক কমিটির সভাপতি এ টি এম কামালের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন কমিটির সদস্য শফিকুল কবির, আনোয়ার হোসেন, মাসুম মোল্লা, দেলোয়ার হোসেন, জাকির হোসেন, মো. রিপন প্রমুখ। সভায় বক্তারা অভিযোগ করেন, সরকারের উদাসীনতার কারণে পানাম নগরের পুরোনো ভবনগুলোর ইট, সুরকিসহ বিভিন্ন সরঞ্জাম একশ্রেণীর প্রভাবশালী ব্যক্তি রাতের আঁধারে বিক্রি করে দিচ্ছেন।বক্তারা বলেন, কয়েক দিন আগে পানাম নগরের কয়েকটি ভবনের মালিক দাবি করেন, স্থানীয় কয়েকজন প্রভাবশালী ব্যক্তি ভবন বিক্রি করে দেওয়ার সাইনবোর্ড টানিয়েছেন। বিগত বিএনপি সরকারের আমলে ভবনগুলো সংস্কারের উদ্যোগ নিয়ে মেরামতকাজ শুরু করার পর ভবনগুলোর আদি রূপ ফিরিয়ে দেওয়ার পরিবর্তে চুনকাম করা হয়। এই অবস্থায় ভবনগুলোর সৌন্দর্য নষ্ট করার অভিযোগ এনে দেশের বুদ্ধিজীবী ও বিশিষ্ট নাগরিকেরা প্রতিবাদ করে সরকারের কাছে অভিযোগপত্র দাখিল করার পর পুরো কাজ বন্ধ হয়ে গেছে। পরে আর কোনো মেরামতকাজের উদ্যোগ নেওয়া হয়নি।বক্তারা আরও বলেন, অবিলম্বে প্রভাবশালী ব্যক্তিদের চিহ্নিত করে পানাম নগরের স্থাপনা বিক্রির পাঁয়তারা বন্ধ করে ভবনগুলোর সংস্কার করতে হবে, নতুবা পানাম নগর রক্ষায় কঠোর আন্দোলন কর্মসূচি দেওয়া হবে।এ ব্যাপারে যোগাযোগ করা হলে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সহকারী প্রকৌশলী রফিকুল ইসলাম জানান, ‘কয়েকজন ব্যক্তি পানাম নগরের নিজস্ব ভবন বিক্রি করার জন্য সাইনবোর্ড টাঙিয়েছেন। আমরা বিষয়টি তদন্ত শুরু করছি। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য ঊধ্বর্তন কর্মকর্তাদের লিখিতভাবে জানানো হয়েছে।’