পানাম নগরের আদি রূপ ফিরিয়ে আনা হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, প্রাচীন বাংলার রাজধানী সোনারগাঁয়ের পানাম নগরকে আধুনিক পর্যটন নগর হিসেবে গড়ে তোলা হবে। পানাম নগর যাতে বিশ্বের অন্যতম আকর্ষণীয় পর্যটন নগর হিসেবে পরিচিতি পায়, সে লক্ষ্যে প্রাচীন ভবনগুলো সংস্কার করে এগুলোর আদি রূপ ফিরিয়ে দেওয়া হবে।

সংস্কৃতিমন্ত্রী গতকাল মঙ্গলবার নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অবস্থিত পানাম নগর পরিদর্শনের সময় সাংবাদিকদের এ কথা বলেন। মন্ত্রী বলেন, এখন থেকে পানাম নগর পরিদর্শন করতে হলে পর্যটকদের ১৫ টাকার টিকিট কেটে প্রবেশ করতে হবে। নগরের চারপাশে সীমানাপ্রাচীর নির্মাণ করা হবে। এ সময় মন্ত্রী টিকিট বিক্রির কার্যক্রম উদ্বোধনও করেন।

এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ লিয়াকত হোসেন, সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব আকতারী মমতাজ, সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু নাছের ভূঁঞা প্রমুখ।

এর আগে সকালে আসাদুজ্জামান নূর বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালনা বোর্ডের সভায় সভাপতিত্ব করেন। সভায় নদীপাড়ের বিলুপ্তপ্রায় লোক ও কারুশিল্প শীর্ষক গবেষণা গ্রন্থ এবং ফাউন্ডেশনের গাইড লেকচারার এ কে এম মুজাম্মিল হক মাসুদের ঐতিহাসিক সোনারগাঁ শীর্ষক গবেষণা গ্রন্থের ইংরেজি অনুবাদ প্রকাশের সিদ্ধান্ত অনুমোদিত হয়। বোর্ড সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় জাদুঘরের মহাপরিচালক ফয়জুল লতিফ চৌধুরী, শিল্পী হাশেম খান, অধ্যাপক মইনুদ্দীন খালেদ, ডিজাইনার চন্দ্র শেখর সাহা প্রমুখ।