পানাম নগরের দখলদার উচ্ছেদে এবার জেলা প্রশাসনের কাছে চিঠি
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ঐতিহাসিক পানাম নগরে অবৈধভাবে বসবাসকারী ৪৯ জন দখলদারকে উচ্ছেদ করতে ব্যর্থ হয়েছে স্থানীয় উপজেলা প্রশাসন। দফায় দফায় নোটিশ দিয়েও দখলদারদের উচ্ছেদ সম্ভব হয়নি। উপজেলা প্রশাসন অপারগতা জানিয়ে এ বিষয়ে জেলা প্রশাসনের হস্তক্ষেপ চেয়ে গত বৃহস্পতিবার চিঠি দিয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পানাম নগরের রক্ষণাবেক্ষণ ও মেরামতকাজের জন্য স্থানীয় প্রসাশন অবৈধ বসবাসকারী ও দখলদারদের একটি তালিকা করে ২০০৫ সালে তাঁদের উচ্ছেদ করে। ২০০৬-০৭ অর্থবছরে নগরের মেরামত কাজ শুরু হয়। ২০০৮ সালে ওই মেরামত কাজ বন্ধ হয়ে যায়। অভিযোগ রয়েছে, উচ্ছেদ করা দখলদারেরা এরপর রাজনৈতিক প্রভাব খাটিয়ে আবারও নগরের বিভিন্ন পুরাতন ভবন দখলে নেয়। প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আবেদনের পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসন দখলদারদের উচ্ছেদ করার জন্য উপজেলা প্রশাসনকে গত ফেব্রুয়ারি মাসে নির্দেশ দেয়। সোনারগাঁ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. আবুল আমিন বলেন, ‘ছয় মাস ধরে চেষ্টা করেও দখলদারদের উচ্ছেদ করা সম্ভব হচ্ছে না।